পদ্মা সেতুর কাজ শেষ হবে ১৮ সালের মধ্যেই : সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মোঃ শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
১৩৯টি রুটে বিআরটিসির ৩২৮ বাস চলছে: এনামুল হকের (রাজশাহী-৪) প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দূরপাল্লার রুটে বিআরটিসির বিভিন্ন ধরনের বাস চালু রয়েছে। বর্তমানে ১৩৯টি রুটে ৩২৮টি বাস চলাচল করছে। দূরপাল্লার রুটে বিআরটিসির আরও বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন ৬০০টি বাস আমদানি করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এসব বাস আমদানি করার পর দূরপাল্লার রুটে বাস বৃদ্ধি করা হবে।
২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস নিষিদ্ধ : এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) আরেক প্রশ্নের জবাবে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সড়ক মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরানো পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিআরটিএ’র উদ্যোগে পেশাজীবী গাড়ি চালককে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতামুলক বিষয়ে নিয়মিতভাবে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর জন্য জাল বা ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রংচটা, চলটা উঠা, ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।











