সিইসি সরকারের আজ্ঞাবহ, আগামী নির্বাচনে জয়ী হতেই এ নিয়োগ : খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতলব মোটেও ভালো নয়। তারা মানুষকে দেখানোর জন্য বলছে যে, ভবিষ্যতে বিএনপি এলে নির্বাচন কঠিন হবে। কিন্তু তারা জোর করে জিততে চায়। নির্বাচনে জয়ী হওয়ার সব পরিকল্পনাও তারা করে রেখেছে। এ জন্য তাদের আজ্ঞাবহ অযোগ্য, বিতর্কিত একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।
রোববার রাতে গুলশানে নিজের কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী প্যানেলের নেতাদের সঙ্গে ওই মতবিনিময় হয়।
খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় বসাবে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী শক্তি জয়ী হয়, আইনজীবী সমিতির নির্বাচনের ফল তার প্রমাণ। বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চায় না। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের দিকে ইঙ্গিত করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু দেশের স্বার্থের বাইর গিয়ে কিছু দিয়ে দেওয়া যাবে না। খালেদা জিয়া বলেন, ‘এখন তিস্তার পানি নিয়ে কথা হচ্ছে। আমরা চাই, তিস্তার পানির ন্যায্য হিস্যা আমাদের দিতে হবে, অন্য কোনো কিছু আমরা মানব না।’
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, এখন আবার বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলছে। তাহলে মানুষ তো গ্যাস ও বিদ্যুতের বিল দিতে দিতে শেষ হয়ে যাবে। সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে, অথচ গ্যাস পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। গ্যাসের চাপ এত কম, কোনো কোনো দিন রান্না করাই মুশকিল হয়ে যায়।
গাইবান্ধায় সাংসদ মনজুরুল ইসলামের হত্যাকাণ্ডে জাতীয় পার্টির সাবেক সাংসদ কাদের খানের সম্পৃক্ততার প্রমাণের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সরকারের শরিকরাই এসব করছে। তাদের শরিকদের মধ্যে এমনও আছে, যাদের অনেক মানুষ খুন করার ইতিহাস আছে। জনগণ তাদের বিশ্বাস করে না, তারা কখনো নিজের এলাকা থেকে নির্বাচিত হতে পারেনি। এবার আওয়ামী লীগের নৌকা নিয়ে জোর-জুলুম করে পুলিশের সাহায্য নিয়ে নির্বাচনে জিতেছে।’
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।











