রোলবলে বিশ্বসেরা ভারতের মেয়েরা
স্পোর্টস ডেস্ক : আগের তিন আসরেই ফাইনালিস্ট তারা। শেষ দুবারই চ্যাম্পিয়ন। রোলবলের জনকদেশ ভারত বিশ্বকাপের চতুর্থ আসরে হ্যাটট্রিক শিরোপর স্বপ্ন নিয়েই বাংলাদেশে আসে। প্রতিবেশী দেশ থেকে স্বপ্ন জয় করেই ফিরছে দলটি। বুধবার সন্ধ্যায় রোলবল বিশ্বকাপের পুরুষদের ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয়টা ৮-৭ গোলের। ঠিক আগের ম্যাচেই মেয়েদের বিভাগে ইরানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। দুটি চ্যাম্পিয়ন ট্রফিই তাই গেল দেশটির ঘরে।
অথচ এ ম্যাচে প্রথমার্ধ শেষে ৫-২ গোলে এগিয়েছিল ইরানিরা। দলটি সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১১-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসে। ঠিক আগের ম্যাচে প্রথম সেমিতে ভারত ১০-৪ গোলে হারায় কেনিয়াকে।
২০১৩ ও ২০১৫ সালেও রোলবল বিশ্বকাপের পুরুষদের ফাইনাল হয়েছিল ভারত আর ইরানের মধ্যে। দুইবারই শিরোপা জেতে ভারত। ২০১১ সালে খেলাটির প্রথম বিশ্বকাপ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেনমার্ক। তারমানে চার রোলবল বিশ্বকাপের তিনটি শিরোপাই জিতলো ভারত।











