আফ্রিদি ঝড়েও হেরে গেল তামিম-সাকিবরা
স্পোর্টস ডেস্ক :শহিদ আফ্রিদির ঝড়েও হেরে গেছে তামিম-সাকিবদের পেশোয়ার জালমি। তরুণ লেগ স্পিনার উসামা মিরের ঠাণ্ডা মাথার বোলিং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ৯ রানে জয় এনে দেয়।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১২তম ওভারের মধ্যে ৬৯ রানে তামিম-সাকিবসহ ৬ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে বিপর্যয়ে পড়ে। এই অবস্থা থেকে বর্ষীয়ান অল রাউন্ডার শহিদ আফ্রিদি হাল ধরেন। পেশোয়ারকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন।
কিন্তু শেষ ১৩ বলে একের পর এক উইকেট পড়তে থাকলে সাঙ্গাকারারা জয় পেয়ে যায়।
আফ্রিদি মাত্র ২৮ বলে ৫৪ রানের ঝড়ো ইনিস খেলেন। এই ইনিংসে ছিল ৩টি চার আর ৫টি বিশাল ছক্কা। এছাড়া স্যামি ২৬ বলে করেছিলেন ৩৪ রান। কিন্তু তাদের দুজনের লড়াইই ব্যর্থ হয়ে যায়।
পেশোয়ারের পক্ষি উসামা ও সোহেল খান দুটি করে উইকেট পান।
তামিম ১৬ আর সাকিব ১৮ রান করেন।
এর আগে সাঙ্গাকারা-বাবর আজমের উদ্বোধনী জুটি আর শোয়েব মালিকের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে করাচি কিংস।
টস জিতে করাচিকে ব্যাট করতে পাঠান পেশোয়ারের অধিনায়ক ড্যারেন স্যামি। করাচির দুই ওপেনার ৯ ওভারে তুলেছে ৭২ রান। সাকিবের বলে সাঙ্গাকারার(২৮) বিদায়ে জুটি ভাঙে। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন নম্বরে নামা ক্রিস গেইল এদিনও ছিলেন ব্যর্থ। তবে শোয়েব মালিকের ২৭ বলে ৫১ রানে বড় সংগ্রহ পেয়েছে দল। মালিক তিন ছক্কা ও চারটি চারে তার ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া বাবর আজম ৪৬, রবি বোপারা ৩০ রান করেন।











