পিএসএলে অভিষেকেই মাহমুদুল্লাহর ব্যাটে হাসি
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজেকে দারুণভাবে মেলে ধরলেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের এই অলরাউন্ডার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তার দল সংগ্রহ করে ১৪৮ রান। ১৪৯ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ইসলামাবাদ ইউনাইটেড।
বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের সপ্তম ম্যাচে প্রথমে ব্যাট করে শুরুটা বেশ ভালোই করেছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু ৮৫ রানে প্রথম সারির চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। এরপরই কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হাল ধরেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। দুই চার ও একটি ছক্কার সাহায্যে ২০ বলে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।
এ ছাড়া কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান আসাদ শফিক। থিসারা পেরেরা ২৭ এবং ২৬ রান করেন আহমেদ শেহজাদ।
ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মোহাম্মদ সামী এবং শেন ওয়াটসন উভয়ই দুটি করে উইকেট লাভ করেন। এ ছাড়া রুমান রঈস একটি উইকেট দখল করেন।











