রাষ্ট্রপতির সংলাপ নিয়ে আশাবাদী জাপা
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার বিকালে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে, যে উদ্দেশ্য সামনে রেখে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপ করছেন, তা একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সফলতা লাভ করবে। যে ইসির অধীনে একাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি বলেছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ করুক। রাষ্ট্রপতির এই আহ্বানকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির পাশাপাশি সরকারকেও এ ব্যাপারে আরো উদ্যোগী ও সচেষ্ট ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এম.পির সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন মিলন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান খান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, জাপা কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন, বেলাল হোসেন, মোস্তফা কামাল, সেরনিয়াবাত সেকেন্দার আলী, সুজন দে, মিয়া আলমগীর, মাহবুবুর রহমান খসরু, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্রনেতা মুখলেছুর রহমান বস্তু, মহানগর জাপা নেতা মীর সাব্বির আলী, কাওসার আহমেদ, ইস্কান্দার মোল্লা প্রমুখ।











