সিরিয়ার শান্তি আলোচনা হুমকিতে
আন্তর্জাতিক ডেস্ক :সিরীয় বিষয়ক শান্তি আলোচনা বর্জনের ডাক দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। দামেস্কের কাছে সিরিয়ার সরকারি বাহিনীর হামলা জোরদার করার অভিযোগ এনে এক যৌথ বিবৃতিতে একথা জানায় তারা।
কমপক্ষে ১০ বিদ্রোহী গোষ্ঠী জানায়, চলতি মাসে পরিকল্পিত শান্তি আলোচনা তারা বর্জন করতে যাচ্ছে। বিদ্রোহীরা বলেন, চার দিন ধরে চলা অস্ত্রবিরতি সিরীয় বাহিনী ভেঙেছে। ফলে তারা আলোচনা বর্জন করতে যাচ্ছে।
চলতি মাসের শেষে কাজাখস্তানের রাজধানী অস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিরীয় সরকার, তুরস্ক ও ইরানের সহায়তায় রাশিয়া এ আলোচনার আয়োজন করেছে। সিরিয়ায় বিদ্রোহীদের মদদ দিচ্ছে তুরস্ক ও ইরান।
কিন্তু এক যৌথ বিবৃতিতে বিদ্রোহীরা জানায়, অস্ত্রবিরতি অব্যাহতভাবে ভাঙার কারণে বিদ্রোহীরা অস্তানায় শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিচ্ছে। তারা জানায়, তারা গোটা সিরিয়ায় অস্ত্রবিরতির প্রতি সম্মান দেখাচ্ছিল। তবে সিরীয় বাহিনী ও তাদের মিত্ররা গুলিবর্ষণ বন্ধ করেনি এবং তারা বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ওয়াদি বারাদ ও ইস্টার্ন ঘাওতায় ব্যাপকভাবে অস্ত্রবিরতি লংঘন করছে।
বিবৃতিতে বলা হয়, যেকোনো ধরনের স্থল অভিযান অস্ত্রবিরতি চুক্তির বিরোধী এবং সিরীয় বাহিনী ইতোপূর্বে যা করেছে তা ফের করলে চুক্তিটি বাতিল বলে গণ্য হবে।
সোমবার বিমান হামলা ও আর্টিলারি সহায়তা নিয়ে সিরীয় বাহিনী দামস্কের কাছে অভিযান জোরদার করেছে। তারা এলাকাটি পুনর্দখল করতে যুদ্ধ করছে। এলাকাটি রাজধানীতে পানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, সরকারি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা সামনের দিকে এগোচ্ছে এবং তারা এখন আইন আল-ফিজাহ এলাকার উপকণ্ঠে অবস্থান করছে।
তিনি বলেন, সরকারি সৈন্য ও তাদের মিত্র যোদ্ধারা বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত।
মধ্যাঞ্চলের হামা প্রদেশের রাসতান শহরে সরকারি বাহিনীর গোলার আঘাতে দুই বেসামরিক মানুষ নিহত ও স্নাইপারের গুলিতে আরো দুই বেসামরিক লোক নিহত হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় তিন লাখ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত ও জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে। কয়েক লাখ মানুষ বিদেশে পালিয়ে গেছে।











