বোকো হারাম দৌড়ের ওপর আছে : নাইজেরিয়া
আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, দেশের উত্তরপূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে অবস্থিত বোকো হারাম জঙ্গিদের শেষ ঘাঁটিগুলোর একটি সেনাবাহিনী দখল করে নিয়েছে।

প্রেসিডেন্ট বুহারি বলেন, শুক্রবার বোকো হারাম সন্ত্রাসীদের শেষ আস্তানার পতন ঘটেছে।
সাম্বিসা অরণ্যের গহীনে অবস্থিত জঙ্গি আস্তানা ক্যাম্প জিরো গুঁড়িয়ে দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করায় সেনাবাহিনীকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট বুহারি। তিনি বলেন, সন্ত্রাসীরা এখন দৌড়ের ওপর আছে। তাদের লুকানোরও কোনো জায়গা নেই। আমি আপনাদের প্রতি আবেদন জানাবো, আপনারা ওদের পিছু ধাওয়া করার এই মনোবলটা ধরে রাখুন এবং ওদের বিচারের আওতায় নিয়ে আসুন।
পর্যবেক্ষকরা বলছেন, প্রেসিডেন্ট বুহারির এই দাবি সত্য হলে তা হবে বোকো হারাম সন্ত্রাসীদের বিরুদ্ধে বহু মাস ধরে চলমান যুদ্ধে সরকারের একটি বড় বিজয়।
কিন্তু নাইজেরিয়ার রাজধানী আবুজায় কর্মরত আল জাজিরার প্রতিবেদক আহমেদ ইদ্রিস প্রেসিডেন্টের দাবির সঙ্গে একমত নন। তাঁর কথা, নাইজেরিয়া সরকার এর আগেও অনেকবার দাবি করেছে যে তারা বোকো হারাম সন্ত্রাসীদের ওপর মারণবাণ হে্নেছে।
তিনি বলেন, ২০১৫ সালে প্রেসিডেন্ট ও সেনাবাহিনী দাবি করেছিল যে বোকো হারাম টেকনিক্যালি পরাজিত হয়েছে এবং হামলা চালানো কিংবা কোনো এলাকা দখল করে রাখার মতো ক্ষমতা তাদের আর নেই। কিন্তু বর্ষাকাল শেষ হতেই আমরা দেখলাম ওরা পূর্ণ তেজে সরকারি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েছে।
উল্লেখ্য, সাত বছরব্যাপী যুদ্ধে সরকার-জঙ্গি যুদ্ধে ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৫ সালের গোড়ার দিকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বিশাল অংশ বোকো হারামের দখলে থাকলেও গত বছরের শেষ নাগাদ নাইজেরিয়া ও প্রতিবেশি দেশগুলোর সৈন্যদের প্রচণ্ড আক্রমণের মুখে তারা পিছু হটে।











