জাতিসংঘের আহ্বান লজ্জাজনক: ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলের অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ডে অবৈধ বসতি স্থাপনের অবসান ঘটানোর জন্য জাতিসংঘ যে আহ্বান জানিয়েছে তা লজ্জাজনক। শনিবার এমনটিই মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের শুক্রবারের ভোট মেনে চলবে না। বরং এই প্রস্তাবের কার্যকারিতা ঠেকাতে তারা মার্কিন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অপেক্ষা করবেন।
এরই মধ্যে ইসরাইলকে সমর্থন করে ট্রাম্প বলেন, আগামী জানুয়ারিতে তিনি ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি অন্যরকম হবে।
অন্যদিকে প্রস্তাবটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করে ফিলিস্তিনি নেতারা বলেন, এই প্রস্তাব আন্তর্জাতিক আইনের বড় বিজয় এবং ইসরাইল যে উগ্র কর্মকাণ্ড করছে, সেটির প্রত্যাখ্যান করেছে বিশ্ব। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র জানান, এ প্রস্তাব ‘ইসরাইলি নীতির প্রতি একটি বড় আঘাত।’
বসতি নির্মাণের বিষয়টি ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর বিষয় এবং শান্তি আলোচনার বড় বাধা বলে বিবেচনা করা হয়। ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা জমিতে ১৪০টি বসতি তৈরি করেছে ইসরাইল, যেখানে প্রায় পাঁচ লাখ ইহুদি বাস করেন।
এ প্রেক্ষিতে সম্প্রতি মিশর বসতি নির্মাণ বন্ধে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব এনেছিল। কিন্তু এর বিরুদ্ধে হস্তক্ষেপ করতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করে ইসরাইল। এরপর মিশর প্রস্তাবটি ফিরিয়ে নেয়। কিন্তু পরে মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সেনেগাল আর ভেনিজুয়েলা আবার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তোলে।
এরপর শুক্রবার ভোটাখুটিতে দখলকৃত ভূমিতে ইসরাইলি অবৈধ বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
১৫ সদস্য দেশের পরিষদে ১৪-০ ভোটে প্রস্তাবটি পাস হয়, ভোট দেয়নি যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের নীতির পরিবর্তন। কারণ সাধারণত ওয়াশিংটনকে নিন্দামূলক বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবেই ইসরাইলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। তবে এই প্রস্তাবের ভোটের সময় দেশটি ভোট দেয়া থেকে বিরত থাকে।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, প্রস্তাবের সব শব্দ বা বক্তব্যের সঙ্গে একমত নয় বলে এর পক্ষে যুক্তরাষ্ট্র নয়। আবার আমরা বিরুদ্ধেও দাড়াইনি, কারণ সমস্যার সমাধানে যে দুই দেশ নীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এই প্রস্তাব তার সাথে সঙ্গতিপূর্ণ।











