তিনজনকে খুন করার কথা স্বীকার করলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : দাভাওয়ের মেয়র থাকার সময় নিজহাতে তিনজনকে হত্যা করার কথা নিশ্চিত করে জানিয়েছেন ফিলিফিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে। বিবিসির সঙ্গে কথা বলার সময় একথা স্বীকার করেন দোতার্তে।
তিনি বলেন, ‘আমি প্রায় তিনজনকে খুন করেছি…আমার বন্দুক থেকে কতগুলো বুলেট তাদের দেহে বিদ্ধ হয়েছে জানি না। তবে এ ঘটনা ঘটেছে। আমি এ ব্যাপারে মিথ্যা কথা বলতে পারি না।’
২০১৫ সালে দাভাওয়ের মেয়র থাকাকালেই অপরহণ ও হত্যার অভিযোগে প্রথমবারের মতো সন্দেহভাজন ওই তিনজনকে হত্যার কথা স্বীকার করেছিলেন দোতার্তে।
বুধবার প্রেসিডেন্ট প্রাসাদে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকের সময়ই প্রথমবারের মতো নিজ হাজে খুনের কথা স্বীকার করেন দোতার্তে। এরপর এ বিষয়ে সংবাদমাধ্যমের জিজ্ঞাসার জবাবে তার মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট আসলে রূঢ় কথা বলছেন, তিনি হত্যাকারী নন। তার কথা বলার ধরণই এমন। এমনকি তিনি যখন মেয়র ছিলেন তখনও এভাবেই কথা বলতেন। এটাকে বাস্তব সত্য বলে ধরে নেওয়ার কিছু নেই।’
মুখপাত্রের এ মন্তব্যবের কয়েক ঘণ্টা পরই নিজ মুখে দ্বিতীয়বারের মতো খুনের কথা স্বীকার করলেন দোতার্তে।
উগ্র শাসক হিসেবে বরাবরই দোতার্তের সমালোচনা আছে। টানা দুই দশক দাভাওয়ের মেয়ের থাকার সময়ও তিনি কঠোর হাতে শাসন করেছেন। অপরাধ দমনের জন্য অবশ্য তার সুনামও ছিল।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দোতার্তে।
এরপর থেকে ফিলিপিন্স পুলিশ বিনাবিচারে প্রায় ৬ হাজার মানুষকে হত্যা করেছে। যা নিয়ে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন ও মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।
যদিও মাদক নির্মূলে নিজের এই কৌশল নিয়ে দোতার্তের মধ্যে তেমন কোনো খেদ নেই। সমালোচনার জবাবে একবার তিনি বলেছিলেন, ‘হিটলার ৩০ লাখ ইহুদিকে হত্যা করেছে, আমাদের এখানে ৩০ লাখ মাদকাসক্ত রয়েছে। তাদের হত্যা করতে পারলে আমি খুশিই হব।’
অশ্লীল ও ঔদ্ধত্যপূর্ণ কথা বলার জন্য কুখ্যাত দুতার্তে এ বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জনসম্মুখে গালি দিয়েছিলেন।
সূত্র: বিবিসি











