যৌন কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় ভারতের কর্নাটক প্রদেশের শুল্ক দফতরের মন্ত্রী এইচওয়াই মেটি পদত্যাগ করেছেন। বুধবার তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে তার বিরুদ্ধে রাজ্যের এক তথ্য অধিকার কর্মী যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন।

তবে মেটি তার বিরুদ্ধে আনা যৌন কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করেছেন। মন্ত্রী এইচওয়াই মেটি বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চান না তিনি। এ জন্যই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাজশেখর মুলালি নামে রাজ্যের এক তথ্য অধিকার কর্মী কয়েকদিন আগে একটি ভিডিও টেপ প্রকাশ করেন। যেখানে মেটির সেক্স টেপ প্রকাশ না করার অনুরোধ করতে শোনা যায়। রাজশেখর মুলালিকে অর্থের বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করে নেয়ারও প্রস্তাব দেয়া হয়।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ৭১ বছর বয়সী মন্ত্রী এইচওয়াই মেটি। ভারতে রাজনীতিকদের বিরুদ্ধে এর আগেও যৌন কেলেঙ্কারি অভিযোগ উঠেছিল। গত মাসে কংগ্রেসের আরেক মন্ত্রী অশ্লীল ছবি দেখেছিলেন বলে অভিযোগ উঠে। সিসিটিভি ক্যামেরায় মন্ত্রীর সেই দৃশ্যও ধরা পড়ে।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, মেটির পদত্যাগপত্র গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।











