বাংলাদেশের কীর্তি ছুঁল পাকিস্তানও
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজ এমনিতেই কম হয়। সেই সিরিজে আবার প্রতিপক্ষকে ধবলধোলাই করার নজির আরও কম। এর আগে মাত্র চারটি দল প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও বাংলাদেশ। কাল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে এই তালিকায় ঢুকে গেল পাকিস্তানও।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১০৩ রান তোলাতেই ম্যাচের ফল এক রকম নির্ধারিত হয়ে গিয়েছিল। ৮ উইকেট আর ২৯ বল হাতে রেখে অনায়াসে জিতে গেছে পাকিস্তান। মাত্র মাস কয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজ পড়ল ধবলধোলাইয়ের লজ্জায়। গত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে আলাদা করে নজর কাড়া ইমাদ ওয়াসিমের কাছেই ধরাশায়ী ক্যারিবীয়রা। গতকালের তিনটিসহ সিরিজে ৯ উইকেট নিয়েছেন এই স্পিনার। হয়েছেন ম্যাচসেরা। ওয়েস্ট ইন্ডিজ লড়াই জমাতে পারেনি এক ম্যাচেও। প্রথম ও দ্বিতীয় ম্যাচে হেরেছিল ৯ উইকেট ও ১৬ রানে।
টি-টোয়েন্টিতে প্রথম প্রতিপক্ষকে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই করেছে আয়ারল্যান্ড। ২০১২ সালের সেই সিরিজে প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওই বছরই আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করে বাংলাদেশ। দুই বছর পর, ২০১৪ সালে ইংল্যান্ডকে ৩-০তে হারায় অস্ট্রেলিয়া। এ বছর জানুয়ারিতে আবার অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যায় একই ব্যবধানে।
২০১২, ২০১৪, ২০১৬—ব্যবধানই বলে দিচ্ছে এমনটা নিয়মিত হয় না। তবে এই প্রথম একই বছরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার ঘটনা ঘটল। এবার যা করল পাকিস্তান। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এমনটা প্রথম করে দেখিয়েছে বাংলাদেশ। আর দুই টেস্ট খেলুড়ে প্রতিপক্ষের মধ্যে এমনটা প্রথম ঘটেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে।











