ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৯১ শতাংশ। এতে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ১৮২ কোটি ইউরো।
অন্যদিকে একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পোশাক আমদানি কমেছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। ফলে বাজারের সামগ্রিক সংকোচনের তুলনায় বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি।
ইউরোস্ট্যাট ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ কোটি ইউরো। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১৮২ কোটি ইউরো বেশি।
রপ্তানিতে এই পতনের কারণে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারত্বও কমেছে। গত বছর ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের হিস্যা ছিল ২১ দশমিক ১০ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা নেমে এসেছে ১৯ দশমিক ০৬ শতাংশে।
অন্যদিকে ইউরোপের বাজারে চীনের পোশাক রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। দেশটির রপ্তানি আয় দাঁড়িয়েছে ২ হাজার ৪২৫ কোটি ইউরো। ভিয়েতনামের রপ্তানিও বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ।
বাংলাদেশের রপ্তানি কমার পেছনে পণ্যের পরিমাণ ও গড় মূল্য—দুই ক্ষেত্রেই পতনকে দায়ী করা হচ্ছে। গত বছরের তুলনায় রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে বাংলাদেশের পোশাকের গড় মূল্য প্রতি কেজি ১৩ দশমিক ৭০ ইউরো।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের নির্বাহী মহিউদ্দিন রুবেলের মতে, ইউরোপের বাজারে অবস্থান ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন এবং উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি।
বিশ্লেষকদের মতে, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মেলাতে না পারলে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব আরও কমতে পারে। এতে দেশের পোশাকশিল্পের রপ্তানি আয় ও কর্মসংস্থানের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।











