জীবনের ইনিংসে মাশরাফির ১০ বছরের জুটি
নড়াইল প্রতিনিধি: ২০০৬ সালের ৭ সেপ্টেম্বরের কথা। নড়াইল শহরের রূপগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বিয়ে হয় সুমনা হক সুমির। পরের দিন চিত্রা নদীর তীরে চিত্রা রিসোর্টে আয়োজন করা হয় বউ-ভাতের। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, খেলোয়াড়, জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে বউ-ভাত অনুষ্ঠান রূপ নিয়েছিল মিলনমেলায়।
আজ ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর। কেটে গেছে ১০টি বছর। সুমি-মাশরাফির ঘরে এসেছে দুই সন্তান। মেয়ে হুমায়রা (৫) ও ছেলে সাহেল (২)।
মাঠে ক্রিকেটার ম্যাশের সাফল্যে পরিবার-পরিজন ও দেশবাসী কখনো উল্লাসে মেতেছেন, আবার তাঁর ইনজুরি তাঁদের কাঁদিয়েছে। হাসি-কান্না, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ নিয়ে ম্যাশ-সুমির ১০ বছর কাটল।
ম্যাশের বাবা নড়াইল শহরের মহিষখোলা এলাকার গোলাম মুর্তজা স্বপন ও মা হামিদা মুর্তজা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাঁদের চাওয়া, ম্যাশ যেন আরও কয়েক বছর বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্ব দিতে পারেন।











