অক্টোবরে ভ্যাট আদায়ে রেকর্ড, রাজস্ব ৮,৫২৬ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। মাসটিতে সংস্থাটি মোট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব সংগ্রহ করেছে, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
এলটিইউর তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই মাসে ভ্যাট আদায় হয়েছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই তুলনায় এবার আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
তবে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। অক্টোবর মাসে আদায়ের লক্ষ্য ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে।
এলটিইউর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবরে ভ্যাট আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকায়। ২০২৪-২৫ অর্থবছরে আদায় হয় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।
এরপর ২০২৫-২৬ অর্থবছরে আদায় ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকায় পৌঁছায়। চলতি অর্থবছরের অক্টোবরে সেই পরিমাণ ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে এলটিইউ, ভ্যাট।











