‘বিএনপির বর্তমান ও ভবিষ্যত কলঙ্কময়’
নিজস্ব প্রতিবেদক :বিএনপির বর্তমান ও ভবিষ্যত কলঙ্কের কালিমায় লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের কলঙ্ক বিএনপির সৃষ্টি। এই কলঙ্ক তৎকালীন জোট সরকারের, এই কলঙ্ক হাওয়া ভবনের। বিএনপির বর্তমান ও ভবিষ্যত দুই এ কলঙ্কের কালিমা লিপ্ত। আমি জানি না বিএনপি এ কলঙ্ক কোনো দিনও মুছে ফেলতে পারবে কিনা। এ কলঙ্কিত ঘটনার জনক হচ্ছে বিএনপি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এরা রাজনীতির জন্য কত শঠতার আশ্রয় নিতে পারে ২১ আগস্টে আমরা তা দেখেছি। কত রক্তপাত, কত অশ্রুপাত আমাদের চোখের সামনে ঘটেছে। সেদিন যদি শেখ হাসিনাকে হারাতাম আমরা কে কোথায় থাকতাম জানি না।
তিনি বলেন, ২১ আগস্টের হামলার প্রধান টার্গেট ছিলেন আমাদের নেত্রী। ১৫ আগস্ট আর ২১ আগস্ট ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।
২১ আগস্টের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ওই ঘটনায় আমরা অনেকেই ভিকটিম। আমার শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় এখনও ১৪ টা স্পিলিন্টার রয়েছে। আমাদের নেত্রী তার এক কানের শ্রবণশক্তি হারিয়েছেন। আরেক কানে খুবই কম শুনতে পান। আইভি রহমানসহ অনেকে প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, সেদিন বোমা হামলার পরে বঙ্গবন্ধু মেডিকেলে আমাদের নেয়া হয়েছিল। কিন্তু সেখানে আমাদের গ্রহণ করা হয়নি। তারপর ওখান থেকে শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
যুবলীগ নেতা কর্মীদের দিকনির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে এখন সৌজন্য পোস্টার, ব্যানার, লিফলেট, বিলবোর্ড দেখি। তবে রাজনীতি থেকে সৌজন্য বোধ হারিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক মানুষের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। এটি আমাদেরকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও শেখ ফজলুল হক মনি শিখিয়েছেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে একটি ট্র্যাডিশনাল আচারণ আছে। এ ট্র্যাডিশন আমাদের ধরে রাখতে হবে। সেখানে সৌজন্যবোধ আছে, সেখানে মূল্যবোধ আছে। সৌজন্যবোধ ও মূল্যবোধ ছড়া একটা রাজনৈতিক দলের অস্তিত্ব মূল্যহীন বলে আমি মনে করি।
প্রধান আলোচকের বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, পৃথিবীতে সন্ত্রাসবিরোধী দিবস বয়েছে। এই ২১ আগস্টকে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী দিবস হিসেবে পালন করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় রক্তের নদী বয়ে গিয়েছিল। বোমার স্পিলিন্টারের আঘাতে আমাদের অনেক নেতাকর্মীসহ নেত্রী শেখ হাসিনাও আহত হয়েছিলেন। আওয়ামী লগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা অনেকেই সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন। অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। নিহতের তালিকাও রয়েছে অনেক।
বিরোধী দলের নেতার ওপর এরকম হামলার নজির সারা বিশ্বে বিরল। বাংলাদেশে জঙ্গিবাদের মাস্টার মাইন্ড খালেদা জিয়া। বাংলাদেশে সবচাইতে বেশি মিথ্যাচার করে বিএনপি। এই বিএনপির অবস্থা হচ্ছে কর্মচারী পরিবেষ্টিত একটি দল। বিএনপির অনেক নেতারা এখন অসহায়। ভুল পথের মাধ্যমে এদের রাজনীতির শুরু হয়েছিল। আবার ভুল পথে গিয়ে অনেকের রাজনীতির অবসান হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসাইন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাইফুজ্জামান শিখর, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি প্রমুখ।











