বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার জন্মদিন পালন না করার বিষয়টি রাজনীতিবিদরা কিভাবে দেখছেন

obaidl-kader20160716062850বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবার আনুষ্ঠানিক ভাবে ৭১তম জন্মদিন পালন করছেন না। ১৫ আগস্ট প্রথম প্রহর (রোববার দিবাগত রাত) ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ছিলেন তিনি। নেতাদের আনা ফুলও ফিরিয়ে দিয়েছেন খালেদা জিয়া। নানা সামালোচনার পরও আওয়ামী লীগ নেতারা অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়াকে। অনেকে বলছেন এটা রাজনীতি ও গণতন্ত্রের জন্য ইতিবাচক।
বিএনপি গণমাধ্যমে জানিয়েছে, দেশের চলমান ‘সংকট’ ও বন্যা পরিস্থিতির কারণে এবার জন্মদিন উদ্যাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া। তবে এ কথা বিশ্বাসযোগ্য মনে করছেন না আওয়ামী লীগের মধ্যমসারির কয়েকজন নেতা। তারা মনে করছেন- জন্মদিন পালন না করা খালেদা জিয়ার নতুন কোনো কৌশল।
শেখ হাসিনা তিন বছর আগে খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ও ১৫ অগাস্ট শোকের দিন কেক না কাটার আহ্বান জানিয়েছিলেন। বিএনপির রাজনৈতিক সংলাপের আহ্বানের জবাবে ১৫ অগাস্ট কেক না কাটাও অন্যতম শর্ত হিসেবে দিয়ে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। এর মধ্যে গত বছর প্রথম প্রহরে খালেদা জিয়া কেক না কাটলেও ১৫ অগাস্ট সন্ধ্যার পর কেক কেটে ঠিকই জন্মদিন উদযাপন করেছিলেন।
১৫ আগষ্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। তাই এই দিনটিকে সরকারিভাবে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়। অন্যদিকে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবছর ১৫ আগষ্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। এ নিয়ে বরাবরই রাজনৈতিক মহলে পল্টাপাল্টি বিতর্ক থাকলেও এ বছর বেগম খালেদা জিয়া তাঁর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিকেই উল্লেখ করা হয়েছে। এ বিষয় নিয়ে বিবিসি বাংলার সাথে কথা হয় বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।
এ বছর জন্মদিনের অনুষ্ঠান না করার এই সিদ্ধান্ত সম্পর্কে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি বলবো, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো ঘটা করে নিজের জন্মদিন পালন করতেন না। দলের নেতাকর্মীরাই আয়োজন করতেন। তাদের অনুরোধেই তিনি অনুষ্ঠানে যোগ দিতেন।’
এ বছর জন্মদিনের আয়োজন না করার জন্য নেতাকর্মীদেরকে ঘটা করে বলে দেওয়ার কারণ জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কারণ খুব পরিস্কার। সম্প্রতি দেশে একটি ভয়াবহ বন্যা হয়ে গেলো। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। এছাড়া গুলশান-শোলাকিয়া হত্যাকা-, গুম, অপহরণসহ বিভিন্ন ঘটনায় দেশের মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে গণতন্ত্রের অনুপস্থিতিতে রাষ্ট্রে জঙ্গিবাদ-উগ্রবাদ তৈরি হচ্ছে। সার্বিক দিক বিবেচনা করে তিনি জন্মদিনের অনুষ্ঠান পালন করা যুক্তিসঙ্গত বলে মনে করেননি।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ বছর ১৫ আগস্টে খালেদা জিয়ার কেক না কাটা- কোনো তাৎপর্য বহন করেনি। জাতীয় শোক দিবসে ধানম-িতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি বলেন, যতদিন বঙ্গবন্ধুকে জাতির পিতা না মেনে নেবেন ততোদিন বাংলাদেশের শত্রু হিসেবে বিবেচিত হবেন খালেদা জিয়া।
এবার বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিনের কেক না কাটায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে ফুলছড়ি শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘জগজ্জয়ী’তে পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি স্পিকার। গজারিয়া ইউপি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মহফিলে এ মন্তব্য করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ওনার (খালেদা জিয়া) প্রকৃত জন্মদিন হলে কথা ছিল। ১৫ আগস্ট তিনি ভুয়া জন্মদিন পালন করেন।
খালেদা জিয়ার জন্মদিন পালন না করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এ সিদ্ধান্ত নেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ। মনে হচ্ছে, তার শুভ বুদ্ধির উদয় হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের বলেন, তার এই শুভবুদ্ধির উদয় রাজনীতির জন্য ভালো। কারণ, জাতীয় শোক দিবসে এ ধরনের কাজ দেশের মানুষ পছন্দ করে না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হয়েছে, হয়তো আগামীতে আর মিথ্যে জন্মদিন পালন করবেন না এমনটাই মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
সোমবার মাদারীপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নৌ-পরিবহন মন্ত্রী বলেন, আজকে গোটা জাতির যে শোকের বহিঃপ্রকাশ, তা খালেদা জিয়া হয়তো উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। আমরা চাই গণতান্ত্রিক যে চর্চা করার মানসিকতা, তা সৃস্টি করতে হবে। সে অন্তত গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আগামী নির্বাচনে আসবেন এই প্রত্যাশা আমাদের আছে।
খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, আমি খালেদার জন্মদিন পালন না করার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
সভাপতিম-লীর আরেক সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, খালেদা জিয়া যদি ১৫ আগস্ট জন্মদিন পালন থেকে বিরত থাকেন, তাহলে তাঁর জন্যও ভালো, গণতন্ত্রের জন্যও ভালো।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ১৫ আগস্ট যে খালেদা জিয়ার জন্মদিন নয়, এটা দেশের মানুষ জানে। তাই জন্মদিনের কর্মসূচি বাতিল করে তিনি বিরাট কাজ করে ফেলেছেন, এটা বলা যাবে না। আর তিনি কর্মসূচি বাতিলের যে দুটি কারণ উল্লেখ করেছেন, তা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়।
১৯৮১ সালে ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়া নিহত হলে রাজনীতিতে পা রাখেন খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং তিন বছর পর চেয়ারপারসন হন তিনি।
এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়া বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ‘ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল’ বিএনপির জনভিত্তি তৈরি করে দেন খালেদাই।
১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পর কয়েক দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়ী হলে পুনরায় প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ২০০৮ সালের নির্বাচনে হারের পর সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। দশম সংসদ নির্বাচন বর্জনের পর এখন সংসদের বাইরে থাকলেও রাজনীতিতে তার গুরুত্ব কমতে দেখা যায়নি।

 

আমাদের সময়.কম