তারেকের বিরুদ্ধে রায় কার্যকর করার উদ্যোগ দুদকের
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৩০ দিন পর আপিল করার কোন সুযোগ দিতে চাইছে না সরকার। তারেক রহমানের আইনজীবীরা বলেছেন তিনি সময় মতো দেশে ফিরবেন এবং উচ্চ আদালতে আপিল করবেন। এখন তিনি কোন আপিল করবেন না। সরকার ও দুদক এই ব্যাপারে কোন ধরণের ছাড় দিতে রাজি নয় তারেক রহমানকে। এই জন্য তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করার জন্য যত দ্রুত সম্ভব তা করতে চাইছে। এখন দুদক অপেক্ষা করছে তারেক রহমানের বিরুদ্ধে যে রায় হয়েছে ওই রায়ের কপি পাওয়ার জন্য। আদালত সংক্ষিপ্ত আদেশ দিয়েছে। এখন পূর্ণাঙ্গ রায় হবে। ওই রায় হলে তা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কার্যকরের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে বলেছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
তিনি বলেন, তারেক রহমানের সাত বছরের কারাদন্ড হয়েছে। সেই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি রায়ের কপি পাওয়ার। কারণ সেখানে নির্দেশনা দেওয়া থাকবে কেমন করে ওই আদেশ কার্যকর করা হবে। সেই হিসাবে কার্যকর করা হবে।
তিনি বলেন, তারেক রহমানের আইনজীবী বলেছেন তারেক রহমান এখন আপিল করবেন না। তার সুবিধামতো সময়ে দেশে ফিরে করবেন। এটা তিনি পাবেন না। কারণ আইন অনুযায়ী তাকে আপিল করতে হলে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এরপর তিনি আপিল করতে পারবেন না। তবে এখানে বলে রাখা প্রয়োজন তার বিরুদ্ধে রায়ের কপি যদি তিনি তোলার জন্য আবেদন করেন ওই রায় হাতে পাওয়া পর্যন্ত সময়টি এই সঙ্গে যোগ হবে। সেই হিসাবে তিনি ওই রায়ের কপি পাওয়ার জন্য যে সময় লাগবে তা পাবেন। এখন যদি তিনি মনে করেন দেশে না ফিরে আপিল না করলে কোন সমস্যা নেই। সেটা ঠিক না। কারণ এখন তিনি আপিল না করলে তার সামনে একটাই সুযোগ থাকবে সেটা হলো তিনি আদালতের কাছে তার আপিল করার জন্য কেন বিলম্ব হলো সেই ব্যাপারে আদালতের কাছে ব্যাখ্যা দিয়ে এরপর আপিল আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে তার আপিল আবেদন ততক্ষণ গৃৃহীত হবে না যতক্ষন না আদালত তার আপিল আবেদন করতে বিলম্ব হওয়ার কারণ সন্তোষজনকভাবে তুলে ধরতে না পারেন।
তিনি তা তুলে ধরতে পারলে আদালত তার ব্যাখ্যা শুনে আপিল গ্রহণ করার মতো মনে করলে নিতে পারেন আবার নাও নিতে পারেন। কারণ তিনি আদালতের চোখে পলাতক।
এই ব্যাপারে দুদক সূত্র জানায়, তারেক রহমান এর আইনজীবীদের দাবি তিনি আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে আছেন। কিন্তু সরকার পক্ষ ও দুদকের আইনজীবীর দাবি তিনি আদালতের অনুমতি নিয়ে এখন আর বিদেশে নেই। চিকিৎসার জন্য যখন গিয়েছিলেন, এরপর যখন আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছে তখন ওই সময় শেষ। কারণ তার নামে আদালত একাধিকবার সমন ইস্যু করেছে। দেশের কোন ঠিকানায় তাকে পাওয়া যায়নি। এরপর লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সমন পাঠানো হয়। সেখান থেকে জানানো হয় তারেক রহমান ওই ঠিকানা নেই। এরপর হাইকমিশনের মাধ্যমে তার ঠিকানা চেক করা হয়। সেখান থেকে জানানো হয় চার্জশিটে উল্লেখিত ঠিকানায় তিনি আগে থাকলেও এখন নেই। পরে নতুন ঠিকানায়ও তার নামে সমন পাঠানো হয়। সেই সমনও তিনি রিসিভ করেননি। এই অবস্থায় তিনি আইনের দৃষ্টিতে পলাতক। একজন পলাতক ব্যক্তি আদালতে হাজির হয়ে বলতে পারবেন না তিনি গ্রহণযোগ্য কোন কারণে আপিল করতে বিলম্ব করেছেন।
খুরশীদ আলম খান বলেন, তারেক রহমান আপিল আবেদন করার সুযোগ নিতে পারেন তার সুবিধামতো সময়ে কিন্তু সেটা যথাযথ আইনী প্রক্রিয়া হবে না। তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় না হওয়ার আগ পর্যন্ত সময় পেলেও ওই রায় হলে গেলে তাকে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে।
পূর্নাঙ্গ রায় কবে নাগাদ হতে পারে এই ব্যাপারে দুদকের আইনজীবী বলেন, সেটাতো আমি বলতে পারছি না। এটা আদালতের ব্যাপার। ১০ দিনও লাগতে পারে। ১০ মাসও লাগতে পারে। আবার এক বছরও লাগতে পারে।
তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর ওই রায়ের কপি যাবে নি¤œ আদালতের যে আদালতে মামলার রায় হয়েছিলো সেই আদালতে। ওই আদালত মামলার রায় ও সাজা কার্যকর করার জন্য পরোয়ানা জারি করবেন ও অন্যান্য ব্যবস্থা নিবে। এই জন্য বেশ কিছু প্রক্রিয়াও রয়েছে। ওই পরোয়ানা ডিসি এসপির কাছে যাবে। তারা প্রয়োজনীয় উদ্যোগ নিবেন।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, তারেক রহমানের আইনজীবীরা বললেন যে তিনি যখন তার সুবিধা তখন এসে আপিল করবেন। আদালত কি তার সুবিধামতো চলবে। আইন আছে। তাকে আইনের মধ্য দিয়েই কাজ করতে হবে। আইনী প্রক্রিয়া যদি এর পরের ধাপ নিতে চান তাহলে দেশে আসতেই হবে এর কোন বিকল্প নেই। ত্রিশ দিনের মধ্যে ফেরত এসে আপিল না করলে তার সামনে এখন যে সুযোগ আছে তা থাকবে না। পূর্ণাঙ্গ রায় পেলে ও আদেশ কার্যকর করার যে নির্দেশনা দিবে আমরা আদালতের আদেশ কার্যকর করার জন্য যথাযথ ব্যবস্থা নেব।
আমাদের সময়.কম











