‘গণতন্ত্র হরণে আ’লীগকে পৃষ্ঠপোষকতা করছে ভারত’
নিউজ ডেস্ক : ভারত গণতন্ত্র হরণে একটি দলকে পৃষ্ঠপোষকতাকরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন। দেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, বন্ধুত্বে ছোট ভাই, বড় ভাই নয়, থাকবে সমতা ও সমঅধিকার। সম্পর্ক হবে দেশের মানুষের সঙ্গে মানুষের, দেশের সঙ্গে দেশের। বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে নয়। অথচ ভারত বাংলাদেশের গণতন্ত্র হরণে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতাকরছে।
তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু প্রতীম রাষ্ট্র। সেই বন্ধুত্ব হবে পারস্পারিক স্বার্থে সমতা ও সম-মর্যাদার। বাংলাদেশের কাছে তাদের আবদার আছে কিন্তু চাওয়ার অধিকার নেই। তবে ভারতের কাছে বাংলাদেশের চাওয়ার অধিকার আছে। ভারতের আবদার ট্রানজিট, করিডোর আর বাংলাদেশের চাওয়ার অধিকার তিস্তার ন্যায্য পানি।
বিএনপির এই নেতা বলেন, “আগুন নিয়ে খেলা করবেন না। বিচারের আওতায় না এনে গুলি করে করে হত্যা করছেন। এই গুলি জনগণের টাকায় কেনা হয়। আর সেই গুলি করে হত্যা করবেন আবার বেশিদিন ক্ষমতায় থাকবেন তা হতে পারে না।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে করে গয়েশ্বর বলেন, পদের পিছনে না ঘুরে, পথের পিছনে ঘুরে বেড়ান। মরতে হলে আসুন রাস্তায় নেমে মরি। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। তবু এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আল নোমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, কাজী আবুল বাশার, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, মাওলানা আব্দুল মালেক, আব্দুল খালেক, জামিলুর রহমান নয়ন, লিটন মাহমুদ, সুলতানা আহমেদসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।











