বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছরেই নির্বাচনে অযোগ্য করা হবে খালেদাকে

khaleda-zia-550x310বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচটি দুর্নীতির মামলাসহ ২৫টি মামলা বিচারাধীন। খুব দ্রুতই মামলাগুলো নিষ্পত্তির দিকে এগুচ্ছে। চলতি বছরের মধ্যেই যে কোন একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর শাস্তি হলেই আগামী নির্বাচনে অযোগ্য হতে পারেন তিনি।
তবে সহজে হার মানবেন না খালেদা জিয়া। আইনীভাবেই সরকারের সঙ্গে মোকাবেলায় চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন তিনি। এজন্য তিনি আইনজীবীদের বিশেষ নির্দেশনাও দিয়েছেন। তার বিশ্বাস- রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলাগুলো শেষ পর্যন্ত টিকবে না। মামলাগুলো নিষ্পত্তির পর রাজনীতিতে পুরোদমে ব্যস্ত হতে চান তিনি। সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন।
বিএনপির একটি সূত্র জানায়, চেয়ারপারসনকে সাজা দিতে সরকার উঠে পড়ে লেগেছে। এ জন্য তার বিরুদ্ধে মামলাগুলো গুটিয়ে আনছে। বিগত কয়েক বছর ধরে ‘মাইনাস খালেদা জিয়া ফর্মুলা’ নিয়ে কাজ করছে একটি চক্র। মামলার পর মামলা দিয়ে রাজনীতি থেকে তাকে বিদায় করার ষড়যন্ত্র চলছে। শিগগিরই যাতে তাকে জেলে ঢুকানো যায় এবং নির্বাচনে অংশগ্রহণে অনুপযুক্ত ঘোষণা করা যায় সে রকম ফর্মুলা নিয়েই অগ্রসর হচ্ছে আজ্ঞা বাহিনী।
সূত্রটি জানায়, খালেদা জিয়ার প্রতি এসব হামলা-মামলা এবং অনাচার-অত্যাচারের কারণ তিনিই শাসক দলের একমাত্র চ্যালেঞ্জ। তিনি দেশের জনসমর্থিত নেত্রী। দীর্ঘ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও অব্যাহত গণসমর্থন তাকে জাতীয় নেতার অভিধায় অধিষ্ঠিত করেছে। স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব এবং জাতীয় নির্বাচনে অপরাজিত ব্যক্তিত্ব হিসেবে তিনি জনগণের মণিকোঠায় চিরস্থায়ী আসনে অলঙ্কৃত। বাংলাদেশের রাজনীতিতে তিনি অভিভাবক হিসেবে বিবেচিত। অনিবার্য তার ভূমিকা। তিন তিনবার প্রধানমন্ত্রীর পদে প্রতিষ্ঠিত হয়েছেন একজন সফল রাষ্ট্রনায়কে। ব্যক্তিগতভাবে তিনিই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বাংলাদেশ জাতিরাষ্ট্রের এই প্রবীণ রাষ্ট্রনায়কের নেতৃত্ব যখন অতি আবশ্যক, তখন তাকে নির্বাসনের চক্রান্ত জাতির জন্য মঙ্গলময় হবে না।
বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বিরুদ্ধে রয়েছে পাঁচটি দুর্নীতির মামলাসহ ২৫টি মামলা। সবগুলোই বর্তমানে বিচারাধীন। এরমধ্যে দুর্নীতির মামলা পাঁচটি। বাকিগুলো হত্যা, সহিংসতা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে মোট ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি দুদকের করা মামলা, বাকি মামলাগুলোর মধ্যে হত্যা, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়াসহ রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। সবগুলো মামলা এখন বিচারাধীন রয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা মামলাগুলোর মধ্যে চারটি সেনা সমর্থিত ২০০৭ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা। বাকি দুর্নীতির মামলাসহ অপরগুলো আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা।
দুদকের করা মামলাগুলো হচ্ছে- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া দুর্নীতি মামলা ও নাইকো দুর্নীতি মামলা।
সর্বশেষ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের আগামী ২৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত ১২ জুন ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ নির্দেশ দেন। মামলার ১১ আসামির মধ্যে শুরু থেকেই পলাতক পেট্রোবাংলার সাবেক পরিচালক মো. সিরাজুল ইসলাম চৌধুরীকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। মামলায় ২০১২ সালের ১৫ জানুয়ারি থেকে স্থায়ী জামিনে আছেন খালেদা জিয়া।
খালেদা জিয়া ছাড়াও যাদের হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- বিএনপি নেতা ড. খন্দকার মোশারফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, একেএম মোশারফ হোসেন ও ব্যারিস্টার মো. আমিনুল হক, হোসাব গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক মুইনুল আহসান।
বড়পুকুরিয়া কয়লা খনি চুক্তিতে দুর্নীতির অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ১০ জন মন্ত্রীসহ মোট ১৬ জনের বিরুদ্ধে এ মামলা হয়। একই বছর ৫ অক্টোবর আদালতে ১৬ জনকেই আসামি করে অভিযোগপত্র দেয় দুদক।
সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ৫টি মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। এসব মামলায় নাশকতা, গাড়ি পোড়ানো এবং হত্যার অভিযোগ আনা হয়।
এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকাসহ দেশের থানায় বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর গুলশান ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২টি, খুলনা সদর থানায় একটি এবং রাজধানীর যাত্রাবাড়ী থানার তিনটি মামলা উল্লেখযোগ্য। এর মধ্যে গুলশান, কুমিল্লা ও খুলনার মামলাগুলো তদন্তাধীন।
বিএনপি নেতারা বলছেন, গত কয়েক সপ্তাহের মামলার গতিবিধি দেখে বোঝা যায় যে, বেগম খালেদা জিয়াকে শিগগিরই জেলে পাঠানো সরকারের লক্ষ্য। তা করলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে এবং সরকারের জন্য বুমেরাং হবে।

আমাদের সময়.কম