বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াসহ ৩৮ জনের অভিযোগ গঠন ১৮ জুলাই

photo-1465133508নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৮ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ এনটিভি অনলাইনকে জানান, আজ আদালতে খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন নির্ধারিত ছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। বিচারক সময়ের অবেদন মঞ্জুর ও নতুন করে দিন ধার্য করেন এবং মামলাটি বিচারের জন্য ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন।

গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন নেন।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন গত বছরের ৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।

খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম নামের এক যাত্রী।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান গত বছরের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় যাত্রাবাড়ী থানায় মামলা করেন।