আন্তর্জাতিক গণমাধ্যমে নিজামীর ফাঁসি
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামি দলের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব পেয়েছে এই খবরটি। কিছু কিছু পত্রিকায় বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
বিবিসির‘Motiur Rahman Nizami: Bangladeshi Islamist leader hanged ’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে ৭৩ বছর বয়সী নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সিংবাদ সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা দশ মিনিটে তার ফাঁসি কার্যকর হয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের ঘটনায় দোষী সাব্যস্থ হয়েছিলেন।
‘Bangladesh hangs Islamist leader for rape and genocide in 1971 war’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স বলছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে গণহত্যা ও অন্যন্য অপরাধে নিজামিকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড সাজা দেয়া হয়েছিল। বুধবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তার ফাঁসি কার্যকরের খবরে রাজধানী ঢাকার রাস্তাঘাতে অসংখ্য মানুষকে উল্লাস করতে দেকা যায়। আকরাম হোটেন নামের একজন রয়টার্সকে বলেন,‘আমরা এ দিনটির জন্য গত ৪৫ বছর ধরে অপেক্ষা করছি। অবষেশে বিচার মিলল।’
এই ঘটনা সুন্নি মুসলিম অধ্যুষিত দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা। তারা আরো বলেছে, দেশটিতে এমনিতেই ধর্মনিরপেক্ষ, উদার ও সংখ্যালঘুরা আতঙ্কের মধ্যে রয়েছে। ২০১৩ সালে এই যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় প্রায় ৫শ মানুষ প্রাণ হারিয়েছিল। পত্রিকাটি আরো জানিয়েছে, ২০১৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত পাঁচ ঊর্ধ্বতন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হল। নিজামীকে নিয়ে এদের মধ্যে চারজন জামায়াতের শীর্ষস্থানীয় নেতা।
সিএনএন বলছে, বাংলাদেশের আপামর জনতা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তুষ্ট। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরে বহু লোক সমাবেত হয়েছিল। তাদের নিজামির পোস্টারে জুতা নিক্ষেপ করতেও দেখা যায়। সিএনএন আরো বলছে, নিজামির বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মানবাধিকার গোষ্ঠী হিউমেন রাইটস ওয়াচ। তাদের অভিযোগ, বিচারে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ পাননি ওই ইসলামি নেতা। তার পক্ষে পর্যাপ্ত সংখ্যক সাক্ষী আনারও অনুমতি দেয়া হয়নি।
আল জাজিরা বলছে, মঙ্গলবার মধ্যরাতে জামায়াতে ইসলামি দলের আমীর মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে হরতাল ডেকেছে ইসলামি দলটি। তবে আল জাজিরা মনে করছে, তাদের ডাকা ওই হরতাল সফল হওয়ার সম্ভবনা খুবই কম।
জনপ্রিয় এই গণমাধ্যমটির প্রতিনিধি তানভির চৌধুরী মনে করেন, ‘এই দলটি এখন প্রচণ্ড চাপের মুখে আছে। তাদের অধিকাংশ নেতা কর্মীই কারাগারে কিংবা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন।’ জামায়াতে ইসলামী দলটি তাদের নেতার বিরুদ্ধে আনীত যদ্ধাপরাধীর অভিযোগও স্বীকার করে না। তাদের কাছে নিজামী হচ্ছেন, ‘শহীদ’। দলটি মনে করে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং সঠিক বিচার পাননি।
পাকিস্তানের ডন পত্রিকার শিরোনাম ছিল ‘Bangladesh executes top Jamaat leader Motiur Rahman over ‘1971 war crimes’। পত্রিকাটি বলছে, বাংলাদেশে যুদ্ধপরাধের আওতায় ইতিমধ্যে যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে এদের মধ্যে নিজামি হচ্ছেন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন ইসলামি দল জামায়াতে ইসলামী দলের প্রধান এবং খালেদা জিয়ার সরকারের মন্ত্রী (২০০১-২০০৬) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে আনা গণহত্যা ও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।
ডন আরো জানাচ্ছে, ২০০১ সালে বিএনপি ও জামায়াত জোট যে নির্বাচনে অংশ নিয়েছিল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নিজামি।বাংলামেইল











