বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনাথের উদ্বেগ ভারতের নিরাপত্তা নিয়ে

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অনুপ্রবেশ সংক্রান্ত গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং অন্যদের উপস্থিতিতে জম্মু-কাশ্মিরের নিরাপত্তা নিয়ে নিবিড় আলোচনা হয়েছে।গুরুত্বপূর্ণ ওই বৈঠকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে এবং বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভ মোকাবিলা করতে বিশেষ আলোচনা হয়। এতে সীমান্তে নজরদারি বাড়াতে এবং সামরিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।

tehran_126640

 

নিরাপত্তা সংক্রান্ত উচ্চস্তরীয় এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা সংস্থা আইবি এবং ‘র’-এর পাশাপাশি সেনাপ্রধান দলবীর সিং এবং জম্মু-কাশ্মিরের গভর্নর এন এন ভোরা উপস্থিত ছিলেন।গোয়েন্দা সূত্রের বরাতে প্রকাশ, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী গ্রুপ অনুপ্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা বরফ গলার অপেক্ষায় রয়েছে। সীমান্তের ওপার থেকে বিচ্ছিন্নতাবাদী নেতাদের জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশি করে বিক্ষোভ প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

 

প্রত্যেক বছর গরমের সময় কাশ্মিরি গেরিলারা সক্রিয় হয়ে ওঠে এবং এ সময় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পাথর ছোঁড়ার ঘটনা বৃদ্ধি পায়।গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, জম্মু-কাশ্মির সীমান্ত বরাবর আন্তর্জাতিক সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে সন্ত্রাসীরা ঘাঁটি গেড়েছে, যা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়। কারণ, সীমান্তের এত কাছে এসে সন্ত্রাসীরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় উদ্বেগ বেড়েছে।ওই রিপোর্টে আরো বলা হয়েছে, সীমান্ত এলাকায় এ রকম ১০ টি শিবির চিহ্নিত করা হয়েছে যেখানে প্রশিক্ষিত সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তাদের প্রশিক্ষণ দেয়ার পরে ওইসব শিবিরে আনা হয়েছে এবং স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলেও দাবি।