বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী

2016_05_05_17_44_46_vsHSaOLs2OuI6whGrnJIE1ojXvqZiA_originalআন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শেষের দিকে পদত্যাগ করতে পারেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দভুতগলু। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২২ মে দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির দলীয় অধিবেশেনে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে ইতিমধ্যে বৈঠক করেছেন দভুতগলু।

গত বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাতের পর থেকেই দভুতগলুর পদত্যাগের বিষয়টি শোনা যাচ্ছে। বিবিসি জানিয়েছে, এরদোয়ানের সঙ্গে মতবিরোধেই তার এ সিদ্ধান্ত। তুরস্কের প্রধানমন্ত্রী-শাসিত সরকার ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি-শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তনে এরদোয়ানের সঙ্গে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ছিল তার।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের উপদেষ্টা সেমিল এরতেম পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নতুন প্রধানমন্ত্রী খুঁজতে কোনো নির্বাচন দেয়া হবে বলেও জানান তিনি। তুর্কি টেলিভিশনকে সেমিল বলেন, ‘নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে দেশ এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।’

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করেননি প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তারা। তবে শিগগিরই দভুতগলু একটি বিবৃতি দেবেন বলে কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৪ সালে প্রেসেডেন্ট নির্বাচিত হওয়ার পর নিজের উত্তরসূরি হিসেবে দভুতগলুকে একে পার্টির (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) প্রধান হিসেবে মনোনিত করেন এরদোয়ান। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যে তুরস্কে একে পার্টির প্রাদেশিক কর্মকর্তা নিয়োগে কর্তৃপক্ষকে নিদের্শনা দেন তিনি।

তুরস্কে এমন একটি সময়ে এ ঘটান ঘটলো যখন দেশটির অবস্থা তুলনামূলকভাবে অস্থিতিশীল। একদিকে জঙ্গি সংগঠন আইএস এবং নিষিদ্ধ ঘোষিত কুর্দি সংগঠন পিকেকে’র সাথে লড়াই করে যাচ্ছে তুর্কি প্রশাসন। অপরদিকে অভিবাসন এবং শরণার্থী সংকট নিয়েও ঝামেলায় আছে দেশটি।

উল্লেখ্য, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সাবেক কূটনীতিক আহমেদ দভুতগলুকে ২০১৪ সালের ২৮ আগস্ট তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে তিনি ক্ষমতাসীন দল একে পার্টির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং এরদোয়ানের প্রধান উপদেষ্টা হিসেবেও দাায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতি এবং পররাষ্ট্রনীতির ওপর বেশকিছু বইও আছে তার।