মক্কায় সড়ক দুর্ঘটনায় ওমরাহ হজযাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যেয়ে বুধবার পৃথক দুটি দুর্ঘটনায় এক হজযাত্রী নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় ‘সৌদি গেজেট’ পত্রিকাটি বলছে, বুধবার মক্কার আল শাহরিয়া জেলার এক সড়কে তিনটি গাড়ির মধ্যকার সংঘর্ষে একজন ওমরাহ হজযাত্রী প্রাণ হারিয়েছেন। ভারি বর্ষণের কারণে সড়কে যানজট তৈরি হওয়ায় ওই দুর্ঘটনাটি হয়েছিল বলে জানিয়েছে পত্রিকাটি।
ওই একই দিনে মক্কায় এক হোটেলের জানালা ধসে পড়ে আহত হন আরো ছয় হজযাত্রী। তারা কাবা শরিফের হারাম প্লাজায় ওমরাহ হজের আনুষ্ঠানাদি পালন করার সময় ওপর থেকে জানালাটি তাদের মাথার ওপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনার জন্যও বৃষ্টিকে দায়ী করেছে পত্রিকাটি। ওই দুর্ঘটনায় আহতদের কিং ফয়সাল ও আজেইয়াদ হাসপাতাল দুটিতে ভর্তি করা হয়েছে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি পত্রিকাটি।
সৌদিতে হজ মৌসুমে এ ধরনের দুর্ঘটনা বা মৃত্যু কোনো নতুন বিষয় নয়। গত সেপ্টেম্বরে কাবায় হজ পালনের সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৭১৭ জন হজযাত্রী। আহত হয়েছিলেন আরো ৮৬৩ জন। তবে হতাহতদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করা হয়ে থাকে। এর আগে ওই একই মাসের গোড়ার দিকে কাবায় ক্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আরো ১০৭ জন হাজি। এ ঘটনায় আহত হয়েছিলেন ২৩৮ জন।











