উ. কোরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়াকে আর কোনোভাবেই ছেড়ে দিতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র! ইঙ্গিত তেমনটাই। উত্তর কোরিয়ার কোনো ধরণের পদক্ষেপ নিলেই যাতে পালটা প্রস্তুতি নিতে পারে আমেরিকা, সেই লক্ষ্যেই এবার এগোচ্ছে পেন্টাগন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কার্যত কিমকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, উত্তর কোরিয়ার দিকে তাক করে একটি ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় বসাবে আমেরিকা। এ ছাড়া উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়ায় একটি প্রতিরক্ষা “ঢাল”ও বসানো হবে ঘোষান করেছেন তিনি। মার্কিন এক সংবাদমাধ্যমে সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্ষেপণাস্ত্র তাক করার ক্ষেত্রে আমেরিকার অনেক টাকা ব্যয় করছে উল্লেখ করে তিনি বলেন, উত্তর কোরিয়ায় পরমাণু উন্নয়নকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিরসনের চেষ্টা করছে ওয়াশিংটন। এ ছাড়া একটি প্রতিরক্ষা “ঢাল” বসানো হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এখন যে সব ছোট-খাট হুমকির মোকাবেলা করা হচ্ছে তা ঠেকাতেই এটি বসানো হচ্ছে।
পিয়ংইয়ং ২০০৫ সালে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। ২০০৬, ২০০৯, ২০১৩ এবং ২০১৬ সাল পর্যন্ত একাধিক পরমাণু বোমার পরীক্ষা করেছে। দেশটিতে পঞ্চম পরমাণু পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও এর আগে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। ফলে, মার্কিন সামরিক কর্তারা মনে করছেন, উত্তর কোরিয়াকে ঠেকাতে এবার ক্ষেপণাস্ত্র লঞ্চার না বসালে কিমকে চাপে রাখা যাবে না! আর সেই কারণেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত করছে আমেরিকা।











