নতুন সমুদ্রপথ ব্যবহার করবে চীন
আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার জন্য আর্কটিক মহাসাগর হয়ে উত্তর-পশ্চিমের সংক্ষিপ্ত পথ ব্যবহার করবে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার দেওয়া তথ্য মতে, এই পথে জাহাজ চলার জন্য একটি ভ্রমণ নির্দেশনাপত্র প্রকাশ করা হবে শিগগিরই।কানাডার উত্তরে অবস্থিত এই সমুদ্রপথটি দিয়ে পানামা চ্যানেলের চেয়ে তুলনামূলক কম সময়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছানো যায়। এই পথটি বহুদিন ধরে ইউরোপীয় অভিযাত্রীরা ব্যবহার করে আসছিলেন।

এই সমুদ্রপথ বছরের বেশিরভাগ সময় বরফাচ্ছাদিত থাকলেও বর্তমানে বৈশ্বিক-তাপমাত্রাবৃদ্ধির কারণে এই পথে যোগাযোগ সহজ হয়েছে। এই সুযোগকে ব্যবসায়িক প্রয়োজনে কাজে লাগানোর পরিকল্পনা করছে বেইজিং।
বেইজিং প্রশাসন মুখপাত্র লিউ পেংফি বলেন, ‘ভবিষ্যতে চীনের পতাকাবাহী জাহাজ এই পথে চলাচল করবে। একবার এই পথটি সবার জন্য উন্মুক্ত হয়ে গেলে তা আন্তর্জাতিক ব্যবসা, বিশ্বঅর্থনীতি, পুঁজির প্রবাহ ও সম্পদ ব্যবহারের ওপর প্রভাব রাখতে পারবে।’
এই পথটিকে কানাডা নিজের সমুদ্রসীমা বলে দাবি করলেও অন্য অনেক রাষ্ট্র একে আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবেই বিবেচনা করে থাকে। কানাডার রাজধানী অটোয়ায় পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওনের এক মুখপাত্র জানান, স্বয়ংক্রিয়ভাবে এই পথ ব্যবহার করার অধিকার কোনও রাষ্ট্রের নেই। বরং এই জলসীমার নিয়মনীতি নির্ধারণের দায়িত্ব ও অধিকার কানাডারই আছে।
এদিকে, এই অঞ্চলের সমুদ্র গবেষণাকর্মের জন্যও উন্মুক্ত বলে দাবি করেছে চীন। তবে এই অঞ্চলের সমুদ্রসীমার ওপর কোনও অধিকার এখনও পর্যন্ত দাবি করেনি চীন।











