ওবামার সৌদি আরব সফর শুরু
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার বিকেল নাগাদ ওবামা রিয়াদ পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে বাদশাহ সালমানসহ উপসাগরীয় দেশগুলোর সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিলের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

ইরানসহ বেশ কয়েকটি ইস্যুতে যখন ওয়াশিংটন-রিয়াদ সম্পর্কের টানপোড়েন চলছে, ঠিক তখনই সৌদি আরব সফরে গেলেন ওবামা। চলতি বছর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ৭১ বছরে পড়ল। সৌদি কর্মকর্তাদের মতে, এতগুলো বছরের মধ্যে কেবল ওবামার আমলেই ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কে তিক্ততার সুর উঠেছে। সম্প্রতি ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ উঠিয়ে নেওয়ার পর ওবামা প্রশাসনের সঙ্গে টানাপোড়েনের মাত্রা আরো বাড়ে। সৌদি মধ্যপ্রাচ্যে ইরানকে তাদের প্রতিদ্বন্দ্বী বলেই মনে করে। তাদের ধারণা, ইরানের ওপর থেকে অবরোধ উঠিয়ে নেওয়ায় দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুযোগ উন্মুক্ত হলো এবং এর ফলে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওবামা তার এই সফরে সিরিয়া ও ইয়েমেন ইস্যুতে সৌদি বাদশাহর সঙ্গে আলোচনা করবেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আর সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উচ্ছেদে সুন্নি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে সৌদি আরব।ওবামার সফরসঙ্গী হিসেবে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। বৃহস্পতিবার ওবামা গালফ কো-অপারেশন কাউন্সিলের ছয়টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। এ সময় অ্যাশ কার্টারও থাকবেন।
গালফ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ উপদেষ্টা মুস্তফা আলানি বলেন, ‘ওবামার রাষ্ট্রনায়কত্ব এই অঞ্চলের জন্য শতভাগ নেতিবাচক।’
ওবামার ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোহডেস বলেন, ‘সৌদি-মার্কিন সম্পর্কটা সব সময়ই জটিল ছিল। সম্পর্কটির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পরস্পর তথ্য বিনিময় করি।’ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নেয়ার ইস্ট পলিসির লরি প্লটকিন বোঘার্ত বলেন, ‘সৌদিরা হতাশ। তাদের অনুভূতি হচ্ছে, হোয়াইট হাউস আসলেই ইরানের হুমকির বিষয়ে রিয়াদের উদ্বেগের বিষয়টি বোঝার চেষ্টা করছে না।’











