বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ভোট চাইতে নেমেছেন তারকা প্রার্থীরা

1460634044-FotorCreated1আন্তর্জাতিক ডেস্ক : হোক পহেলা বৈশাখ। কিন্তু কবজি ডুবিয়ে খাওয়ার উপায় নেই। বেশি খেয়ে ফেললেই সমস্যা। সেই ভয়েই অগত্যা পহেলা বৈশাখেও পরিমিত খাবার খেয়ে থাকতে হচ্ছে।

আসলে ভোট বড় বালাই। সেই ভোটের কারণেই অন্তত বাংলা বছরের প্রথম দিনে পেটভরে খাওয়াদাওয়া ভুলে স্রেফ হালকা খাবার খেয়েই থাকতে হচ্ছে তারকাদের।

এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া তারকাদের অনেকেই অন্তত সেই পথেই হাঁটছেন। পশ্চিমবঙ্গে ক্রমশ চড়তে থাকা গরমের ছোবল থেকে পরিত্রাণ পেতে ভোটের প্রচারে নেমে এখন হালকা খাবারই ভরসা নির্বাচনে ভোটপ্রার্থী তারকাদের। ফলে নতুন বছরের শুরুর দিনেও ইচ্ছে থাকলেও জম্পেশ খানাপিনা থেকে দূরে থাকতে হচ্ছে তাঁদের।

চিরঞ্জিত চক্রবর্তী
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। তীব্র তাপদাহের মধ্যেও ভোটের জন্য প্রচারণা অব্যাহত রেখেছেন তিনি। সেটা সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চালু থাকছে। নিজের নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াতে হচ্ছে তাঁকে। তাই গরমের মধ্যে নিজের শরীরটাকে সুস্থ রাখা এই তারকা প্রার্থীর কাছে সবচেয়ে জরুরি বিষয়। দুপুরে হালকা খাবারের পাশাপাশি এখন চিরঞ্জিতের ভরসা লেবু পানি, লেবু চা আর আম পোড়ার শরবতের ওপর। এই খেয়েই ভোটের ময়দানে প্রচারে বাজিমাত করতে রাতদিন এক করে ফেলছেন তিনি।

সৌমিত্র রায়
‘ভূমি’ ব্যান্ডের অন্যতম এই গায়ক এবারে প্রার্থী হয়েছেন মালদা জেলার চাঁচল বিধানসভা কেন্দ্র থেকে। এখন ভোট চাইতে মালদা জেলার পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সৌমিত্র। তাই কাঠফাটা রোদ্দুর আর ভয়ঙ্কর গরমকে উপেক্ষা করে জোরতালে প্রচার চালিয়ে চলেছেন মালদার এই ভুমিপুত্র। সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলছে ভোটের প্রচার। প্রচারের মাঠে শরীর সুস্থ রাখতে সকালে উঠেই খেয়ে নিচ্ছেন টক দই দিয়ে ছাতু আর মুড়ি। তারপর প্রচারের ফাঁকে ফাঁকে চলছে ভাঁড়ে করে গরম চা আর খাস্তা বিস্কুট। বিকেলে গরম গরম সিঙ্গারা।

ব্রাত্য বসু
কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার দমদম কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন এই বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা। রাজ্যের বিদায়ী পর্যটনমন্ত্রীও তিনি। পহেলা বৈশাখে যতই আয়োজন থাকুক না কেন, খাবারের ক্ষেত্রে হালকা খাবারের মেনু থেকে এক চুলও নড়তে রাজি নন ব্রাত্য বসু। গরমের হাত থেকে বেঁচে প্রচারের মাঠে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পানি আর সাদামাটা মাছভাতেই পেট ভরাচ্ছেন তিনি। গুরুপাক কোনো খাবারই তিনি অন্তত এই সময় খেতে রাজি নন। তা হোক না পহেলা বৈশাখ। প্রচারের ময়দানে শরীর সুস্থ রাখতে তাই হাল্কা এবং পরিমিত খাবারই এখন তাঁর প্রিয় মেনু।

বৈশালী ডালমিয়া
ভারতের ক্রিকেট জগতের অন্যতম চেনা মুখ প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়া। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে হাওড়া জেলার বালি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। জীবনে প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমে প্রচণ্ড গরমের মাঝে নিজের শরীরটাকে সুস্থ রাখতে চান তিনি। তাই পহেলা বৈশাখে আলাদা করে খাওয়া দাওয়ার আনন্দে মোটেই না ভেসে হালকা খাবারেই ভরসা রেখেছেন তিনিও। সেই সঙ্গে খাচ্ছেন প্রচুর পরিমাণে পানি।