লোহিত সাগরের উপর সেতু তৈরি করবে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সাথে যোগাযোগ সহজ করতে লোহিত সাগরের উপর দিয়ে একটি সেতু তৈরির পরিকল্পনা করছে সৌদি আরব। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে মনে করেন সৌদি বাদশাহ সালমান।
মিশর সফরে এসে সেতু নির্মাণের এই ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। আর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা দিয়েছেন, সেতুটির নাম হবে সৌদি বাদশাহের নামে।
বরাবরই সৌদি আরব মিশরের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত। ২০১৩ সালে মিশরের ক্ষমতা বদলের পর সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের দেশগুলো মিশরে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দিয়েছে।
বিশেষ করে শিয়া প্রভাব মোকাবেলায় ওই অঞ্চলে সুন্নি প্রধান দেশগুলোকে নিয়ে যে জোট করার চেষ্টা করছে সৌদি আরব, মিশর সেখানে তাদের সহযোগী বলে তারা মনে করে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে শুধু দুইটি দেশটি নয়, দুইটি মহাদেশ, এশিয়া আর আফ্রিকাও যুক্ত হবে।
বিস্তারিত কোন তথ্য এখনো জানানো না হলেও, সেতুটি বানাতে চার বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।











