ফিলিপাইন প্রথম ডেঙ্গু টীকা বিতরণ করলো
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বের প্রায় ৩৯ কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। মারা যায় প্রায় ২৫ হাজার মানুষ। তবে এই সংখ্যাটা বোধ হয় খুব দ্রুত কমতে শুরু করবে। ডেঙ্গুর অতিরিক্ত ঝুঁকি প্রবণ দেশ ফিলিপাইনে প্রথম এই রোগের টীকা দান কর্মসূচী শুরু হয়েছে।

এই ঐতিহাসিক প্রতিষেধক তৈরিতে সময় লেগেছে ২০ বছর এবং ব্যয় হয়েছে একশো ৮০ কোটি টাকা। ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ দেশটির সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত অঞ্চলগুলোতে এই প্রথম একটি স্কুলভিত্তিক টীকা দান কর্মসূচী শুরু করেছে।এতে করে ফিলিপাইনই হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে ডেঙ্গু ভাইরাসের প্রতিষেধক বাণিজ্যিকভাবে প্রস্তুত এবং বিতরণ শুরু হয়েছে।
ফরাসি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সানোফির মতে, বিশ্বের ৭০ শতাংশ ডেঙ্গু জ্বরই হয় এশিয়ার দেশগুলোতে। ২০১৩ সালে ফিলিপাইনে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২ লাখ।মশার মাধ্যমে ছড়ানো রোগগুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি হয় ডেঙ্গু জ্বর। এই জ্বরে আক্রান্ত হলে মাথাব্যথা, দুর্বলতা এবং রক্ত ক্ষরণ পর্যন্ত হয়।
ডেঙ্গুর টীকা প্রস্তুতকারক কোম্পানি জানিয়েছে, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের এই টীকার ফলে আগামি পাঁচ বছরের মধ্যে ফিলিপাইনের ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাবে ২৪ শতাংশ।











