বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহালেই ভোট, জরিপে এগিয়ে তৃণমূল কংগ্রেস

jakia..mamata_107970আন্তর্জাতিক ডেস্ক : রাত পোহালেই শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট। ভোট পূর্ববর্তী প্রায় সবগুলো জরিপেই এগিয়ে রয়েছে ক্ষমতাসীন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আগের চেয়ে জন সমর্থন কমলেও, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, জরিপগুলোতে এমনই দাবি করা হয়েছে।

এ নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোট গঠন করেছে বামফ্রন্ট ও কংগ্রেস। এদিকে গতকাল পশ্চিমবঙ্গে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী নির্বাচনী সমাবেশে কংগ্রেস-বামফ্রন্ট জোট গঠনের ঘোষণা দেন। রাহুলের বক্তৃতার পুরোটাই ছিল গত ৫ বছরে তৃণমূল সরকারের ব্যর্থতার বয়ান।

রাহুল বলেন, মোদির সঙ্গে মমতার কোনো ফারাক নেই। নরেন্দ্র মোদি গোটা দেশে গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করছেন। অরুণাচলে আমাদের সরকার ভেঙেছেন। তার পর উত্তরাখণ্ডেও একই কাজ করেছেন। কারণ তিনি চান, সারা দেশে একটিই নেতা থাকবেন, তিনি নিজে। দেশে মোদি যা করছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন। তিনিও চান একজনই নেতা থাকবেন।

এদিকে ভোট পূর্ববর্তী জরিপগুলো বলছে, সরকার গঠন করবে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ‘টাইমস নাউ’ ও ‘সি’ ভোটারের এক জরিপে দেখা গেছে, বামফ্রন্টের আসন বাড়বে, কমবে তৃণমূলের। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলই সরকার গঠন করবে।

জরিপ অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৯৪ বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৬০টি। গত নির্বাচনে দলটি পেয়েছিল ১৮৪ আসন। বামফ্রন্ট পেতে পারে ১০৬টি। গত নির্বাচনে দলটির ঝুলিতে পড়েছিল ৬০ আসন। কংগ্রেস গতবারের ৪২ আসন থেকে কমে পেতে পার ২১ আসন। বিজেপি পেতে পারে ৪ আসন। অন্যদিকে আসামের ১২৬ আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৫৩টি আসন, বিজেপি পেতে পারে ৫৫টি আর এআইইউডিএফ পেতে পারে ১২টি আসন।

পশ্চিমবঙ্গে ইন্ডিয়া টিভিসি ভোটার জনমত জরিপ সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গে এর আগের সর্বশেষ রাজ্যসভা নির্বাচনের সময়, অর্থাৎ ২০১১ সালের পর থেকে প্রদেশটিতে বাম দলগুলোর সমর্থন আরো জোরালো হয়েছে। কিন্তু তারপরও রাজ্যের ক্ষমতা আবারো তৃণমূলের হাতে আসতে চলেছে। জনমত জরিপের ফল বলছে, এ বছর রাজ্যসভা নির্বাচনে সবচেয়ে বেশি জন সমর্থিত দল হিসেবে তৃণমূল পেতে পারে প্রায় ৪০ শতাংশ ভোট। সেক্ষেত্রে তৃণমূলের ১৬০ আসন পাওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিপিএম নেতৃত্বাধীন বাম দলগুলো ৩১ শতাংশ ভোট পেয়ে থাকতে পারে দ্বিতীয় অবস্থানে। সেক্ষেত্রে সিপিএমের ১০৬ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার হিসেবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ঘাঁটি তৈরির লক্ষ্যে আক্রমণাত্মক প্রচার-প্রচারণা চালালেও ১১ শতাংশ ভোট নিয়ে বড়জোর চার আসনে জয়ী হতে পারে। জরিপে কংগ্রেসের আট শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনার কথা উঠে এলেও সম্ভাব্য আসনসংখ্যা ২১ বলে উল্লেখ করা হয়েছে।