নওয়াজকে তালেবানের বিদ্রুপ
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারে বোমা হামলার পরপরই দেয়া এক টুইটার বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদ্রুপ করেছে তালেবানের হামলাকারী উপদলটি। তাদের লড়াই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত পৌঁছে গেছে বলে দাবি করেছে দলটি।

এর আগে রোববার লাহোর শহরের গুলশান ই ইকবাল পার্কে হামলা চালিয়ে ৭২ জনকে হত্যা করে পাকিস্তানের তালেবান। এর মধ্যে ২৯ জনই শিশু। হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে নওয়াজ বলেন, ’আল্লাহর ইচ্ছায় আমরা এই দেশ থেকে তাদের নির্মূল করব।’
মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নওয়াজ বলেন, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ে পাকিস্তানের সংকল্প আরো দৃঢ় হলো। এই মন্তব্যকে উপহাস করে জঙ্গিগোষ্ঠীটি তাদের লড়াই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত পৌঁছে গেছে বলে পাল্টা মন্তব্য করে।লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ শহর ও জনবহুল শহর। প্রধানমন্ত্রী নওয়াজের রাজনৈতিক কেন্দ্র ও বাড়ি এই শহরেই। সে দিকেই ইঙ্গিত করে এক টুইটার বার্তায় তালেবানের উপদল ‘জামাত-উর-আহরার’র মুখপাত্র এহাসানুল্লাহ এহসান বলেন, ‘নওয়াজ শরিফ জানুক, এই যুদ্ধ এখন তার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধে নীতিবান মুজাহিদরাই জয়ী হবে।’
এদিকে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, জামাত-উর-আহরারের সদস্যদের ধরার জন্য তারা ব্যাপক অভিযান পরিচালনা করছে। তবে অভিযানের বিষয়ে সামরিক বাহিনী বা দেশটির সরকার কেউ বিস্তারিত কিছু জানায়নি।উল্লেখ্য, ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য স্বীকার করা জামাত-উর-আহরার পাকিস্তানি তালেবানের একটি স্বনির্ভর উপদল। ডিসেম্বর থেকে এ পর্যন্ত গোষ্ঠীটি পাকিস্তানে পাঁচটি বড় ধরনের হামলা চালিয়েছে।











