ইউরোপে নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাসেলসের বিমানবন্দর এবং ট্রেন স্টেশনে বোমা হামলায় ৩১ জন নিহত হওয়ার পর ইউরোপের অন্যান্য দেশেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেছেন, ইউরোপের জন্যে আজ অত্যন্ত দুঃখের একটি দিন।ফ্রান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সতর্কতা হিসেবে ১৬শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই সঙ্কট থেকে বোঝা যাচ্ছে সন্ত্রাসীদের মোকাবেলা করতে ইউরোপের একত্রিত থাকাটা কতটা জরুরি।

জার্মানি ও হল্যান্ডের সীমান্তে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। ব্রিটেনে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড এবং পুলিশের পাহারা বাড়ানো হয়েছে।গত নভেম্বর মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার সাথে জড়িত প্রধান আসামি সালাহ আবদেস্লামকে চারদিন আগে আটক করা হয়েছিল ব্রাসেলস থেকে। ব্রাসেলসে হামলার পরপরই ইউরোপের অন্যান্য জায়গায় সন্ত্রাসী হামলার আশংকা বৃদ্ধি পেয়েছে মারাত্মকভাবে।











