‘ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আমেরিকা’
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ(রোববার) বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের ওপর আবারো আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। ইরানের পবিত্র নগরী মাশহাদে নবী বংশের ৮ম পুরুষ ইমাম রেজা(আ) মাজার প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। ফার্সি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পুরানো আধিপত্য ফিরে পাওয়ার চেষ্টা করছে আমেরিকা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ওয়াশিংটনের কবল থেকে মুক্ত হয়েছে ইরানের মানুষ এ কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিনীদের মোকাবেলা করা যে সম্ভব তা ইরানিরা প্রমাণ করেছে।
তিনি বলেন, ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃত মালিক জনগণের কাছে ফিরে এসেছে ইরান। তিনি বলেন, বিপ্লবের আগে আমেরিকা ইরানের সম্পদ লুট করেছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ব্রিটেনের প্রধান ঘাটি ছিল পাহলভি শাসকগোষ্ঠী।
তিনি পরিষ্কার ভাষায় বলেন, মার্কিন জনগণের সঙ্গে ইরানের মানুষের কোনো শত্রুতা নেই তবে মার্কিন প্রশাসন হলো ইরানের শত্রু। আই আর আই বি।











