বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু-মহিষ বিক্রি করায় পিটিয়ে-ফাঁস দিয়ে হত্যা

cowআন্তর্জাতিক ডেস্ক : ভারতে গরু-মহিষ বিক্রির দায়ে দুই মুসলিমকে পিটিয়ে ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ১০০ কিলোমিটার দূরের লাতেহার বালুমঠ জঙ্গল থেকে শুক্রবার ওই দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই দুজন হলেন- মুহম্মদ মজলুম (৩৫) ও আজাদ খান ওরফে ইব্রাহিম (১৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ইন্ডিয়া টাইমসের বাংলা সংস্করণ ‘এই সময়’ জানায়, গরু-মহিষ বিক্রি করে সংসার চলত ওই দুই ব্যক্তির। শুক্রবার গরু-মহিষ নিয়ে বিক্রির উদ্দেশে বাজারে যাওয়ার সময় তারা নিখোঁজ হয়। পরে পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

লাতেহারের পুলিশ সুপার অনুপ বিরথারি জানান, ওই দুজনকে পিটিয়ে মারার আগে পিছমোড়া করে হাত-পা বাঁধা হয়। এমন কী তারা যাতে চিৎকার করতে না-পারে, সে জন্য মুখও কাপড় দিয়ে ভালো করে বেঁধে নেয়া হয়েছিল।

দুজনকে গণধোলাই দেয়ার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ির ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দেয়া হয়। ঘটনাস্থল থেকে আটটি মহিষও উদ্ধার করা হয়েছে।

এদিকে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা স্থানীয় বিধায়ক প্রকাশ রামের দাবি, হিন্দু মৌলবাদীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও, পুলিশ এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।