যুদ্ধবিরতির আগে সিরিয়ায় আবারও রাশিয়ার বিমান হামলা
আজ শনিবার থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হওয়ার বিষয়ে একমত হয়েছে আন্তর্জাতিক বিশ্বসহ সিরিয়ার বিবদমান গোষ্ঠীগুলো। তবে এর প্রাক্কালে গতকাল আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে, তারা আগের হামলাগুলোর ধারাবাহিকতাতেই জাতিসংঘের অনুমোদিত লক্ষ্যগুলোকে উদ্দেশ্য করে এই হামলা চালিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে সিরিয়ায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগেই এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। এরপর সিরিয়ার শতাধিক বিদ্রোহী গোষ্ঠীও দুই সপ্তাহের এই যুদ্ধবিরিতিতে সম্মত হয়। সাময়িক এই যুদ্ধবিরতি সিরিয়া সরকার ও সরকার সমর্থিত বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য প্রযোজ্য হলেও তথাকথিত আইএস বা আল-কায়েদা সমর্থিত নুসরা ফ্রন্টের জন্য প্রযোজ্য হবে না বলে জানানো হয়। এর মধ্যে শুক্রবার রাশিয়ার বিমানবহর হামলা চালিয়েছে দামেস্কের পূর্বাঞ্চলের ইস্টার্ন ঘোউটা, হোমস প্রদেশের উত্তরাঞ্চল ও আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাশিয়ার এসব হামলা ছিল আগের হামলাগুলোর তুলনায় অনেক বেশি তীব্র। সংস্থাটির প্রধান রামি আবদেল রহমানকে উদ্বৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘এগুলোর স্বাভাবিক হামলার চাইতে তীব্র। এই হামলা দেখে মনে হয়েছে, যুদ্ধবিরতির আগেই রাশিয়া ও সিরিয়া সরকার বিদ্রোহীদের দমন করতে চায়।’ তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদিত লক্ষ্য আইএস, নুসরা ফ্রন্ট ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোর ওপরই হামলা চালিয়েছে। এসব গোষ্ঠীকে নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মত হলেও এই যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রসঙ্গে অনেকেই সন্দিহান। ওবামা বলেছিলেন, সিরিয়া সরকার, রাশিয়া ও তাদের মিত্রশক্তিরা তাদের প্রতিশ্রুতি রাখতে পারলেই কেবল এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে। তিনি বলেছিলেন, যুদ্ধবিরতি বাস্তবায়িত করার জন্য আক্রমণ থামাতে হবে এবং মানবিক সহায়তা সিরিয়াতে পৌঁছাতে হবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভও বলেছিলেন, যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মান প্রদর্শন করবে।











