সিরিয়ায় প্রথমবারের মত আকাশ থেকে ত্রাণ ফেলেছে জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় প্রথমবারের মত আকাশ থেকে ত্রাণ ফেলেছে জাতিসংঘ। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে ২১ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয়েছে। জাতিসংঘের ত্রান বিষয়ক প্রধান স্টিফেন ও’ব্রিয়েন বুধবার নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন।
দেইর আল-জোর শহরে দুই লাখ মানুষের বসবাস।

সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অনাহারের কারণে এসব এলাকার জনগণ অপুষ্টিতে ভুগছে এবং না খেতে পেরে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।জাতিসংঘের হিসেবে, সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ৪ লাখ ৮০ হাজার মানুষ মানবেতর দিন কাটাচ্ছে।এছাড়া দেশটিতে আরও ৪০ লাখ মানুষ রয়েছে, যাদের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো রীতিমত কঠিন।
সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনার পর গত সপ্তাহে কয়েকটি জায়গায় সড়কপথে সাহায্য পাঠানো হয়েছে। শতাধিক লরিতে করে অবরুদ্ধ প্রায় ৮০ হাজার লোকের জন্য ত্রান সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ। তবে দেইর আল-জোরে কোনভাবেই ত্রান পৌঁছানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত বুধবার বিমান থেকে অবরুদ্ধ এলাকাটিতে ত্রান ফেলা হয়।











