বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি নিয়োগ নিয়ে ওবামার কাজ শুরু

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান শিবিরের ঘোর আপত্তির মুখেও সুপ্রিম কোর্টের জন্য নতুন বিচারপতি বাছাইয়ের কাজ শুরু করেছেন।এ পদে কাকে মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে প্রাথমিক আলোচনা এরই মধ্যে সেরে ফেলেছেন তিনি।রিপাবলিকানরা ‘হুমকি’ দিয়ে এ প্রক্রিয়া আটকে দিতে চাইছে বলেও অভিযোগ করেছেন ওবামা।
গত শনিবার সুপ্রিম কোর্টের ‘রক্ষণশীল’ হিসাবে পরিচিত বিচারপতি স্কালিয়ার আকস্মিক মৃত্যুর পর দুই রাজনৈতিক শিবিরে বিতর্ক সৃষ্টি হয়।প্রেসিডেন্ট ওবামা শিগগিরই শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে চান। কিন্তু তার উত্তরসূরি দায়িত্ব না নেওয়া পর্যন্ত নতুন বিচারপতি নিয়োগের তীব্র বিরোধিতা করা হবে বলে জানিয়েছে রিপাবলিকানরা।

 
তাদের এ হুমকি অগ্রাহ্য করে ওবামা বিচারপতি নিয়োগ নিয়ে তার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।
প্রশাসনিক কর্মকর্তারা পক্রিয়াটি নিয়ে সিনেট অফিসের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে সোমবার সাংবাদিকদের জানান হোয়াইট হাউজের মুখপাত্র এরিক শুলজ।
এতে করে প্রেসিডেন্ট নির্বাচনের এ বছরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সংঘাত আরও তীব্র আকার ধারণ করবে বলেই ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিনেট রিপাবলিকানদের দখলে। রিপাবলিকান সিনেটরদের মতে, বিচারপতির পদে প্রেসিডেন্ট ওবামার কাউকে মনোনয়ন দেওয়া উচিত হবে না। বরং তার উচিত বিষয়টি নতুন প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া।
অন্যদিকে, ডেমোক্র্যাটদের যুক্তি, সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্য পদে কাউকে মনোনয়ন দেওয়া প্রেসিডেন্টের দায়িত্ব এবং অধিকার।
এ বছর ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৭ সালের জানুয়ারিতে ওবামার মেয়াদ শেষ হবে।
বিচারপতি স্কালিয়ার হঠাৎ মৃত্যুতে সুপ্রিম কোর্ট উদারনৈতিক এবং রক্ষণশীল এ দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে।
ওদিকে, গর্ভপাত, অভিবাসন ও অভিবাসীদের ভোটের অধিকারের মত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে মার্কিনিরা। এ কারণে শূন্য পদে নতুন বিচারপতি নিয়োগ বড় ধরনের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
রিপাবলিকান সিনেটররা এরই মধ্যে জানিয়ে দিয়েছে , তারা ওবামার মনোনীত প্রার্থীকে সমর্থন করবে না।
এ বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র শুলজ বলেন, “বাস্তব পরিস্থিতি অনুধাবন করা বাদ দিয়ে কোনো বিষয় নিয়ে রিপাবলিকানদের তর্জন-গর্জন এটিই প্রথম নয়।”

 

523-thumbnail
ইরানের পরমাণু চুক্তির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “প্রতিটি প্রস্তাব পাসের সময় তারা শুরুতেই চরমপন্থা অবলম্বন করে। তারা রাজনীতি নিয়ে খেলার চেষ্টা করে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা তাদের হুমকি কার্যকর করতে সক্ষম হয় না।”
“যুক্তরাষ্ট্রের ঋণসীমা বৃদ্ধি এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়েও শুরুতে রিপাবলিকান সিনেটররা কট্টর অবস্থান নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুক্ষেত্রেই তারা এ অবস্থান ধরে রাখতে পারেনি।”