বিচারপতি নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রে তুমুল বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্তোনিন স্কালিয়া (৭৯) মারা যান শনিবার। অত্যন্ত রক্ষণশীল বলে পরিচিত এই বিচারপতির উত্তরসূরি নিয়োগ নিয়ে এখন দেশটিতে চলছে তুমুল রাজনৈতিক বিতর্ক। খবর সিএনএন ও ইউএসএ টুডের।
রক্ষণশীল রিপাবলিকানরা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই পদে কাউকে নিয়োগের চরম বিরোধিতা করেছেন।
অন্যদিকে, উদারনৈতিক ডেমোক্র্যাটরা চায়, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা তার মেয়াদ শেষের আগেই এই নিয়োগ দিয়ে যান। কারণ, ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত তিনিই দেশটির প্রেসিডেন্ট এবং সংবিধান তাকে এই অধিকার দিয়েছে।
আর এই এক বিচারপতি নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের চিত্রই পাল্টে যেতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। অ্যান্তোনিন স্কালিয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় বিচারপতি ছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত বিচারপতি ছিলেন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এখন আটজন বিচারপতি রয়েছেন। এদের মধ্যে চারজন রক্ষণশীল ও চারজন উদারনৈতিক হিসেবে পরিচিত। অ্যান্তোনিন স্কালিয়ার মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে এখনো উদারনৈতিক কাউকে নিয়োগ দিয়ে দল ভারী করার সুযোগ তৈরি হয়েছে।
আর ওবামা যাতে তা করতে না পারেন, সেজন্য তৎপর রিপাবলিকানরা। তারা চায়, রক্ষণশীল ধারার কেউ আবারও এই পদে আসুক। কিন্তু ওবামা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, তা অনেকটাই নিশ্চিত।
রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল স্কালিয়ার মৃত্যুর খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওবামাকে সাবধান করে দেন, তিনি যদি কোনো বিচারপতির মনোনয়ন দেন, তাহলে তিনি কোনো শুনানির আয়োজন করবেন না।
তার দাবি, ওবামার সময় শেষ হয়ে আসায় এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে সিদ্ধান্ত নেবেন পরবর্তী প্রেসিডেন্ট।
তার সুরে সুর মিলিয়ে ছয়জন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রত্যেকে বলেছেন, ওবামার হাতে স্কালিয়ার স্থলাভিষিক্ত বিচারপতির মনোনয়ন তারা সহ্য করবেন না। স্কালিয়া একজন রক্ষণশীল ছিলেন, তার জায়গায় তারা একজন রক্ষণশীল বিচারককে দেখতে চান।
আর বিতর্কিত রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তো আরেক কাঠি এগিয়ে বুদ্ধি দিয়েছেন, যেভাবে পারো মনোনয়ন-প্রক্রিয়া বিলম্বিত কর।
স্কালিয়ার মৃত্যুর পর শনিবারই ওবামা জানান, মার্কিন শাসনতন্ত্রের স্পষ্ট নির্দেশ মোতাবেক তিনিই বিচারপতি মনোনয়ন দেবেন। দুই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সও তার সঙ্গে একমত।
ডেমোক্র্যাটদের একাট্টা হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর একটি গর্ভপাত-সংক্রান্ত আইন। এছাড়া রয়েছে শ্রমিক ইউনিয়নে বাধ্যতামূলক চাঁদা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সংখ্যালঘুদের জন্য কোটা, অভিবাসন প্রশ্নে ওবামার নির্বাহী আদেশ ও ওবামা কেয়ার নামে পরিচিত স্বাস্থ্য বিমা আইন।
স্কালিয়ার উত্তরসূরি যিনিই হোন না কেন, তার হাতেই সুপ্রিম কোর্টের এসব বিতর্কিত সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এখন উদারনৈতিক পাল্লা ভারী হলে এসব বাস্তবায়ন ওবামার পক্ষে সহজ হবে।
কিন্তু এতদিন সদ্য প্রয়াত স্কালিয়ার কারণে রক্ষণশীলরা আশান্বিত ছিলেন। তারা স্বপ্ন দেখতেন, স্কলারিকে নিয়ে মোট পাঁচজন রক্ষণশীল বিচারকের হাতে উদারনৈতিকদের উপরিউক্ত আইনগুলো বাতিল হবে। এখন যে স্বপ্ন অনেকটাই ফিকে হতে চলেছে।
যদি নতুন বিচারক নিয়োগ না হয়। তাহলে ৪-৪ ভোটে আদালত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে এর আগে দেয়া নিম্ন আদালতের রায়ই বহাল থাকবে।
তবে ওবামাকে ঠেকানো খুব একটা সহজ হবে না। রিপাবলিকান-নিয়ন্ত্রিত চলতি কংগ্রেস (অর্থাৎ প্রতিনিধি পরিষদ ও সিনেট) ওবামাকে নিয়ে বেশি কঠোর হওয়ায় এমনিতেই বেশির ভাগ মার্কিনিদের জনসমর্থন হারিয়েছে।
বিচারপতি নিয়োগের প্রশ্নে আপসহীন অবস্থান নিলে সে মনোভাব আরও দৃঢ় হবে। এর প্রভাবে এ বছরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান দল সিনেটে তাদের নিয়ন্ত্রণ হারাতে পারে।
সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পেতে হলে ডেমোক্র্যাটদের প্রয়োজন অতিরিক্ত পাঁচটি আসন। নভেম্বরের নির্বাচনে তাদের যেখানে ১০টি আসন রক্ষার জন্য লড়তে হবে, সেখানে রিপাবলিকানদের লড়তে হবে ২৪টি আসনের জন্য।
রিপাবলিকানদের জন্য আরেক চ্যালেঞ্জ হল- সাধারণ নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজের মতো কেউ দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পান, তাহলে এই দলের অনেক সমর্থক হয়তো ভোট দিতেই যাবেন না।
বেশির ভাগ ভাষ্যকারের মত, প্রেসিডেন্ট ওবামা যদি অতি উদারপন্থী কাউকে মনোনয়ন দেয়ার বদলে সুপরিচিত মধ্যপন্থী কাউকে মনোনয়ন দেন, তাহলে রিপাবলিকানরা তার বিরোধিতা করলে ভোটের মাঠে নিজেরাই বিপদে পড়বে।
ওবামা কাকে মনোনয়ন দিচ্ছেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, বিপদ এড়াতে তিনি সম্ভবত নিম্ন আদালতে এর আগে সিনেট কর্তৃক গৃহীত হয়েছেন, এমন কোনো সুপরিচিত ব্যক্তিকে মনোনয়ন দিতে পারেন।
আর এ তালিকায় সবার আগে আছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রী শ্রীনিবাসন। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আপিল কোর্টের এই বিচারক তিন বছর আগে সিনেট কর্তৃক ৯৭-০ ভোটে বিচারকের দায়িত্ব পেয়েছিলেন।
এছাড়া আরও যাদের নাম শোনা গেছে, তাদের মধ্যে রয়েছেন আফ্রিকান-আমেরিকান বিচারপতি পল ওয়াট ফোর্ট, ওবামা প্রশাসনের চলতি আফ্রিকান-আমেরিকান ও নারী আইনমন্ত্রী লোরেটা লিঞ্চ।











