বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উ. কোরিয়া

1455521612আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মহাশূণ্যে আরো স্যাটেলাইট স্থাপনের অঙ্গীকার করেছেন। গত সপ্তাহে একটি দূর পাল্লার রকেট নিক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেয়া সত্ত্বেও তিনি এ অঙ্গীকার করেন।

গত ৭ ফেব্রুয়ারি স্যাটেলাইট উৎক্ষেপণে অবদান রাখা বিজ্ঞানী, কারিগর ও কর্মকর্তাদের অভিনন্দন জানাতে আয়োজিত ভোজসভায় কিম বলেন, শত্রু বাহিনী এ যাবৎকালের মধ্যে যখন উত্তর কোরিয়াকে সবচেয়ে বেশি রক্তচক্ষু দেখাচ্ছে ঠিক তখনই এ মিশন সফলভাবে সম্পন্ন করা হল। সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)’র খবরে সোমবার এ কথা জানানো হয়েছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় আন্তর্জাতিক বিশ্ব ক্ষুব্ধ হয়েছে। দেশটি তার চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালানোর মাত্র এক মাস পর এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা, উত্তর কোরিয়া আসলে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা চালিয়েছে। কিম বলেন, দলের প্রতি অবিচল আস্থার কারণে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, বিজ্ঞানীদের শ্রমের ফসল এই রকেট উৎক্ষেপণ। এএফপি।