বাংলাদেশকে চতুর্থ সোনা জেতালেন শ্যুটার শাকিল
স্পোর্টস ডেস্ক : শ্যুটিংয়ে ৫০ মিটার ফ্রি পিস্তলের শ্যুট-অফে উঠেছিলেন শাকিল আহমেদ, আনোয়ার হোসেন ও মহেন্দ্র কুমার। সোনা জয়ের প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত জয় হলো বাংলাদেশের শাকিলের। সেনাবাহিনীর এই শ্যুটার আজ ১৮৭.৬০ স্কোর করে জিতে নিয়েছেন সোনা। এই নিয়ে এসএ গেমসে ৪টি সোনা জিতল বাংলাদেশ। শাকিলের পাশাপাশি আনোয়ার ও মহেন্দ্র আরেকটু ভালো করতে পারলে এই ইভেন্টের দলগত সোনাটিও হতে পারত বাংলাদেশের।
কিন্তু আনোয়ার ষষ্ঠ ও মহেন্দ্র অষ্টম হওয়ায় বাংলাদেশকে দলগত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। শাকিলের সোনালি সাফল্যের পাশে শ্যুটিং রেঞ্জে আজ ব্যর্থতাও আলিঙ্গন করেছে বাংলাদেশকে। মেয়েদের যে ১০ মিটার এয়ার রাইফেল এত দিন বাংলাদেশের জন্য ছিল স্বর্ণপ্রসবা ইভেন্ট, তাতে কোনো পদকই সম্ভবত আনতে পারছেন না সুরাইয়ারা।
এর আগে বাংলাদেশকে তিনটি সোনাই জিতিয়েছেন দুই মেয়ে—মাবিয়া আক্তার (সীমান্ত) ও মাহফুজা খাতুন (শিলা)। ভারোত্তোলন থেকে প্রথম সোনা এনেছেন মাবিয়া, এরপর সাঁতার থেকে বাকি দুটি সোনা জিতিয়েছেন মাহফুজা।











