নাগরিকত্ব ত্যাগ করছেন মার্কিনিরা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও দীর্ঘমেয়াদী বসবাস (গ্রিন কার্ডধারী) করার সুযোগ ত্যাগের নতুন রেকর্ড হয়েছে। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, গত বছর চার হাজার ২৭৯ জন আনুষ্ঠানিকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বরাত দিয়ে শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, টানা তিন বছর যাবৎ এই সম্পর্ক ছেদের ঘটনা ঘটলেও এবার তা রেকর্ড গড়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ত্যাগকারীদের সংখ্যা বেড়েছে ২৫ ভাগ। ২০১৪ সালে ৩ হাজার ৪১৫ জন দেশত্যাগী হন। আর এর আগের বছর ২০১৩ তে এই সংখ্যা ছিল ১ হাজার ১১৩ জন।
যুক্তরাষ্ট্রের বাইরে থাকা অঘোষিত অর্থ-সম্পত্তির ওপর কড়াকড়িভাবে আইন প্রয়োগ করায় নাগরিকত্ব ছাড়ার ঘটনা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের কাছ থেকে অঘোষিত অর্থ সম্পদের বিপরীতে ১৩.৫ বিলিয়ন ডলার জরিমানা আদায় করে।
এর আগে ওবামা প্রশাসন করপোরেট মানি দেশে রাখার স্বার্থে ও পাচার রোধে ’অর্থনৈতিক দেশপ্রেম’ এর কথা বলেছিল। তারই প্রেক্ষিতে অঘোষিত সম্পদ ও অর্থ পাচারের বিষয়ে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন।











