বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রান আউট’ বিতর্ক তুঙ্গে

2016_02_02_21_32_38_ll4iMK5bJSsWiyXIiouMf8oLyeiPne_originalস্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ যুবারা। বাঁচা-মরার ম্যাচ, শেষ পর্যন্ত উত্তেজনাও ছিল ম্যাচটিতে। ৬ বল বাকি, জিততে হলে ৩ রান দরকার জিম্বাবুয়ের, হাতে তাদের ১ উইকেট। জিতলেই তারা যাবে কোয়ার্টার ফাইনালে, বাদ পড়বে ওয়েস্ট ইন্ডিজ। টানটান উত্তেজনার এমন ম্যাচ, তা কিনা শেষ হলো বিতর্ক ছড়িয়ে।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভাকে যেভাবে রান আউট করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল ওয়েস্ট ইন্ডিজ, তা মেনে নিতে পারছেন না ক্রিকেটার বা ক্রিকেট বোদ্ধারা। অনেকের মতেই, এভাবে আউট করাটা ‘ক্রিকেট স্পিরিট’-এর পরিপন্থী।

মাঠে থাকা দর্শকদের হয়তো কিছু বুঝে ওঠার কথা নয়। এমনকি টিভি সেটের সামনে বসে থাকা দর্শকেরাও হতবাক। বল বোলারের হাত থেকে বের হয়নি, তার আগেই রান আউটের আবেদন গেল তৃতীয় আম্পায়ারের কাছে। টিভি মাইক্রোফোনে ভেসে আসছিল ধারাভাষ্য কক্ষে থাকা নাম না জানা এক ব্যক্তির কণ্ঠ, ‘এভাবে আউট হয় না কি?’

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ২২৬ রানের জবাবে জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল তিন রান, ব্যাট করছিল শেষ উইকেট জুটি। প্রথম বলটি করতে এসে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে রান আউট করেন কিমো পল। ওয়েস্ট ইন্ডিজের কিমো বল করতে আসার সঙ্গে সঙ্গে একটু করে এগোচ্ছিলেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভা। সুযোগটা দেখে বল না করে স্টাম্প ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের এই বোলার।

এভাবে আউটের নিয়ম আছে বটে, কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে এভাবে আউট করাটা অনেকের কাছে ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী। বিষয়টি ঘিরে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা টুইটারে সমালোচনার ঝড় তুলেছেন।

বিশ্বকাপে থাকা না-থাকা নির্ধারণ হবে যে ম্যাচে, তার এমন সমাপ্তি! ক্রিকেটে লড়াইটা হয় ব্যাটে বলে। এখানে ঠিক লড়াইটা ওভাবে ব্যাটে বলে হলো না। হলো ক্রিকেটের এক অদ্ভুত আউটে, যে আউট আন্তর্জাতিক ক্রিকেটেই খুব বিরল। ক্রিকেটের পরিভাষায় যে আউটগুলোকে বলা হয় ‘মানকাডেড’। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে যে আউট হয়েছে মাত্র আটবার।

মঙ্গলবার এমন অদ্ভুত উপায়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে হাতও মেলায়নি জিম্বাবুয়ে শিবির। কান্নায় ভেঙে পড়ে অনেকে। এভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়তে কারইবা ভালো লাগে!

টুইটারেও সাবেক ও বর্তমান ক্রিকেটাররা পক্ষে-বিপক্ষে লিখছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ এমন আউটের শিকার হওয়া ইংল্যান্ডের জস বাটলার টুইট করে লিখেছেন, ‘যা দেখলাম তা বিশ্বাস হচ্ছে না। এটা লজ্জাজনক।’ মঙ্গলবার দারুণ রোমাঞ্চকর লড়াইটি এমন লজ্জাজনকভাবে শেষ হওয়াটা যেন মানতেই পারছেন না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তিনি টুইটার বার্তায় লেখেন, ‘সঠিক কিংবা ভুল, মূল কথাটা হলো দারুণ জমে ওঠা একটি লড়াইয়ে দুঃখজনক পরিসমাপ্তি হলো।’

ইংল্যান্ডের ওয়ানডে ও টি২০ অধিনায়ক ওয়েন মর্গ্যান তো ক্যারিবীয়দের আচরণটাই মানতে পারছেন না। ইংলিশ অধিনায়ক লেখেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অসম্মানজনক আচরণ। ওয়েস্ট ইন্ডিজের লজ্জা পাওয়া উচিত!’ ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার লিখেছেন, ‘কি দেখলাম, আমার বিশ্বাসই হচ্ছে না! লজ্জার!’ অস্ট্রেলিয়ার প্রধান কোচ ও সাবেক ব্যাটসম্যান ড্যারেন লেম্যানের কাছে এটা কোনোভাবেই আউট নয়, ‘অবিশ্বাস্য, আউট না।’

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আলভিরো পিটারসেন আউটের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি তার টুইটার বার্তায় লেখেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যা হলো তা সমর্থন করতে পারছি না। হয়তো কোনো চিন্তা-ভাবনা ছাড়াই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।’ তবে ওয়েস্ট ইন্ডিজের পেসার টিনো বেস্ট অবশ্য উত্তরসূরীদের পক্ষেই লিখেছেন, ‘দারুণ খেলেছ, ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল, চালিয়ে যাও ছেলেরা।’ বাংলামেইল