বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেল শান্তি পুরস্কারের তালিকায় এবারও স্নোডেন

Edward Snowdenআন্তর্জাতিক ডেস্ক : গোপন তথ্য ফাঁস করে বিশ্বে সাড়া জাগানো যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মী এডওয়ার্ড স্নোডেন এবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় জায়গা পেয়েছেন।

সাবেক এ সিআইএ কর্মীর নাম গত বছরও এ তালিকায় ছিল।

এবারের তালিকায় স্নোডেনের সঙ্গে কলম্বিয়ায় শান্তি আলোচনায় ভূমিকা রাখা আলোচক গোষ্ঠী এবং সিরিয়ার শরণার্থীদের প্রতি সহায়তার হাত বাড়ানো গ্রিক দ্বীপবাসীরাও রয়েছেন। খবর দ্যা গার্ডিয়ানের।

এছাড়া ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তির আলোচকরাও এ পুরস্কার জয়ের দৌঁড়ে থাকছেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের নোবেল মনোনয়নের আবেদন জমা দেয়ার শেষ সময় সোমবার পর্যন্ত ছিল। শেষ সময়েই স্নোডেনকে তালিকার শীর্ষে রাখার আভাস দিয়েছেন ‘পিস রিসার্চ ইন্সটিটিউট’ এর প্রধান ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন।

তিনি বলেন, ২০১৩ সালে স্নোডেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র সরকারের নজরদারির তথ্য ফাঁস করার পর বিভিন্ন দেশ এখন তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের নীতি পরিবর্তন করেছে। ফলে মানবাধিকার রক্ষা হচ্ছে।

ওই গোপন তথ্য ফাঁসের পরই স্নোডেন পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের ওয়ানটেড তালিকায় আছে তার নাম। বর্তমানে রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন স্নোডেন।

এছাড়া কলম্বিয়ায় ৫ দশকের যুদ্ধ অবসানে অবদানের জন্য সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থকারী আলোচকদেরও শান্তি পুরস্কার দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।