ইরাকে আইএসের হামলা: নিহত ১৮
ইরাকে হারানো শহর রামদি পুনর্দখলে মরিয়া হয়ে উঠেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার শহরটির উত্তরাঞ্চলে এক আত্মঘাতি বোমা হামলা চালিয়ে ১৮ ইরাকি সেনাকে হত্যা করেছে দলটি। উল্লেখ্য, গত মাসে আইএসের দখল থেকে রামাদি পুনরুদ্ধার করে ইরাকি সেনারা।
দেশটির সেনাসূত্র জানিয়েছে, রামাদি প্রদেশের রাজধানী আনবার থেকে কয়েক কিলোমিটার উত্তরে আল-বু ধাইব শহরে মঙ্গলবার সকালে হামলা চালানোর চেষ্টা করে তিন আইএস আত্মঘাতি। ইরাকের ৩৯ ব্রিগেডের সদস্যদের ওপর ওই হামলার চেষ্টাকালে সেনাদের ছোড়া মিসাইলে জঙ্গিদের ব্যবহৃত দুটি গাড়ি আগেই ধ্বংস হয়ে যায়। বেঁচে থাকা তৃতীয় সদস্য সেনা সদর দপ্তরের কাছে গিয়ে হামলা চালাতে সক্ষম হয় এবং এতে ১৮ সেনা নিহত হয়।
আল জাজিরা জানিয়েছে, ইরাকে নিরাপত্তা বাহিনীর জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা। কারণ রামাদির উত্তরাঞ্চলকে আইএসের হামলা থেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করা হয়। এখানে জঙ্গিরা হামলার পরিমাণ আরো বাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
প্রদেশটি পুনরুদ্ধারের পর থেকেই ইরাকি সেনাদের ওপর হামলা চালিয়ে আসছে আইএস জঙ্গিরা। গত সপ্তাহেও তাদের হামলায় দেশটির ডজক খানেক সেনা সদস্য নিহত হয়েছে।











