সেরা কে—গেইল না ম্যাককালাম?
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কে? ঝামেলায় ফেলা দেওয়ার মতো প্রশ্ন। ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যাটসম্যানদের এক কাতারে ফেলা যায় না। টেস্টের সেরা কে? হালকা আলোচনার পর ডন ব্র্যাডম্যানের নামটাই এগিয়ে থাকবে। ওয়ানডেতে খানিকটা তর্কাতর্কির পর শচীন টেন্ডুলকারকেই সেরা বলতে হবে। তো টি-টোয়েন্টির ব্র্যাডম্যান কিংবা টেন্ডুলকার কে? এর উত্তরটাও জানা, ব্রেন্ডন ম্যাককালাম অথবা ক্রিস গেইল।
টি-টোয়েন্টির সেরা গেইল কিংবা ম্যাককালাম! প্রথমেই প্রশ্ন উঠতে পারে এবি ডি ভিলিয়ার্সের নাম কোথায় কিংবা ফিনিশার মহেন্দ্র সিং ধোনিই বা কী দোষ করলেন? নিঃসন্দেহে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান এখন ডি ভিলিয়ার্স। কিন্তু টি-টোয়েন্টিতে দুজনই একটু নিচে ব্যাট করেন। ২০ ওভারের খেলায় ব্যাটিং অর্ডারে নিচে নেমে বেশি কিছু করে দেখানো দুরূহ। ডি ভিলিয়ার্সের টি-টোয়েন্টি গড়ের দিকে নজর দিলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়। টেস্ট ও ওয়ানডেতে ৫০ এর বেশি গড় যাঁর, সেই এবি’র টি-টোয়েন্টি গড় মাত্র ২২.৮৮। ধোনির গড় অবশ্য অনেক ভদ্রস্থ, ৩৩.২৯। কিন্তু তাঁর ৪৯ ইনিংসের ২২টিতেই অপরাজিত ছিলেন, তাই গড়টা এত ভালো দেখাচ্ছে। মোট রান ৮৯৯, ফিফটি নেই একটিও। ডি ভিলিয়ার্সও ৬০ ইনিংসে করেছেন মাত্র ১১৬৭। তাই টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে বাদ পড়ছেন এই দুজন।
কিন্তু যাঁদের সেরা দুই বলা হচ্ছে তাঁদের কী অবস্থা? দুজনই ওপেনার, তাই ব্যাটিংয়ের সুযোগটাও দুজন বেশি পান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাককালাম, গেইল দুজনের গড়ই ঈর্ষণীয়। ম্যাককালাম ৭০ ইনিংসে ৩৫.৬৬ গড়ে করেছেন ২১৪০ রান আর গেইল ৪৩ ইনিংসে ৩৫.১৫ গড়ে করেছেন ১৪০৬ রান। ২০ ওভারের ক্রিকেটে দুজনের ফিফটি ১৩টি করে। অবশ্য সেঞ্চুরিতে এগিয়ে আছেন ম্যাককালাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি পাওয়া গেইল পরে আর কোনো সেঞ্চুরি করতে না পারলেও ম্যাককালাম কিন্তু তিন অঙ্ক ছুঁয়েছেন দুবার।
গেইল অবশ্য বলতেই পারেন, ‘আমি তো ম্যাচ খেলেছি কম, একটু পেছনে থাকতেই পারি।’ বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো গেইল দেশের হয়ে আসলেই কম খেলেন। তাই দুজনের তুলনা টানতে ঘরোয়া লিগের পারফরম্যান্সও টেনে আনতে হচ্ছে। সে বিচারে প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যান। ২৩০ ইনিংসে ৮৬২৩ রান গেইলের, গড় ৪৩.৭৭। এর মাঝে ১৬টি সেঞ্চুরি, ফিফটি ৫৪টি। আর ২১৬ ইনিংসে নিউজিল্যান্ড অধিনায়কের রান ৬৩১১, গড় ৩২.৫৩। ফিফটি ৩১ টি, আর সেঞ্চুরি মাত্র ৭টি!
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানের শক্তির নিক্তি ভাবা যায় যেটিকে, সেই ছক্কায় এগিয়ে গেইল। গেইলের ছক্কা যেখানে ৬১৮টি, সেখানে ম্যাককালামের ছক্কা ২৯০টি। দলের ২৪.২৩ ভাগ রান আসে গেইলের ব্যাট থেকে। আর দলের ১৮.৮ ভাগ রান করেন ম্যাককালাম। এটুকু শুনেই তো মনে হতে পারে, ম্যাককালামের তুলনায় যোজন-যোজন এগিয়ে গেইল।
কিন্তু আসল জায়গাতেই এগিয়ে আছেন কিউই ওপেনার। ম্যাচ জেতানো ইনিংসের দিনে দলের ২৬.৭ শতাংশ রান করেন গেইল। অর্থাৎ স্বাভাবিক দিনগুলোর তুলনায় ২ ভাগ বেশি। কিন্তু দলের জয়ের দিন ম্যাককালামের অবদান ৮ ভাগেরও বেশি বেড়ে দাঁড়ায় ২৬.৯১ শতাংশ। এতেই পরিষ্কার দলকে জেতানোর ক্ষেত্রে গেইলের চেয়ে কতটা এগিয়ে আছেন কিউই ব্যাটসম্যান।
শুধু ঝোড়ো ব্যাটিং নয়, দলের প্রতি নিবেদন, দুর্দান্ত ফিল্ডিং, মাঠে নিপাট ভদ্র আচরণ আর অধিনায়কত্ব মিলিয়ে ম্যাককালাম পূর্ণাঙ্গ এক প্যাকেজ। টি-টোয়েন্টির বিভিন্ন লিগ গুলোতেও দলগুলোর আগ্রহের তালিকার শীর্ষে থাকে ম্যাককালাম। টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের প্রশ্নের উত্তরে তাই দ্বিধা থাকলেও সেরা খেলোয়াড়ের প্রশ্নে ম্যাককালামকেই বেছে নেন সবাই। সূত্র: স্পোর্টস ক্রীড়া। প্রথম আলো











