গরুর মাংস খাওয়ায় মাথা ন্যাড়া করে জুতার মালা
আন্তর্জাতিক ডেস্ক : গরুর মাংস ইস্যুতে ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তিকে গলায় জুতার মালা পরিয়ে রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছে। তার মাথা টাক ও চোখের ভ্রু কামিয়ে দেয়া হয়েছে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শুধু ৩ জন ব্যক্তিকে গরুর মাংসই ভক্ষণ করাননি, একই সঙ্গে তাদের ধর্মান্তরিত করেছেন। তারপর তাদের গরুর গোশত খাওয়ানো হয়েছে।
এ অভিযোগে উত্তর প্রদেশের ওরাই অঞ্চলে এক খ্রিস্টান ব্যক্তিকে শুক্রবার প্রহার করেছে বজরঙ দলের কর্মীরা।
ঝাঁসি রেঞ্জের উপপুলিশ পরিদর্শক শারদ শচান বলেন, শুক্রবার বিকালে বজরঙ দলের প্রায় ২০০ সদস্য জালাউন জেলার রান্দারে অদেশ সবিতার বাড়ি ঘেরাও করে। জোর করে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় ওরাই (জেলা সদর দফতরে)। সেখানে নিয়ে তার মাথা, চোখের ভ্রু, গোঁফ ফেলে দেয়া হয়। গলায় পরিয়ে দেয়া হয় জুতার মালা। এ অবস্থায় রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় তাকে।
শারদ আরও বলেন, এ ঘটনায় তিনটি আলাদা মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলা হয়েছে বজরঙ দল কর্মীদের বিরুদ্ধে। তবে মামলায় তাদের কারও নাম উল্লেখ করা হয়নি। আরেকটি মামলা হয়েছে নির্যাতনের শিকার অদেশ সবিতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বজরঙ দলের পক্ষ থেকে এক কর্মী জানান, অভিযুক্ত ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের ৩ ব্যক্তিকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানিয়েছেন। এরপর জোর করে গরুর গোশত ভক্ষণ করতে বাধ্য করেন। পুলিশ বলছে, যে তিন হিন্দুকে খ্রিস্টান বানানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তার একজন সঙ্গাম জাতব। স্থানীয় বজরঙ দল সদস্যরা তাকে আটক করে পুরো ঘটনা বর্ণনা করতে বলে।











