শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধবল ধোলাইয়ের সামনে পড়লো অস্ট্রেলিয়া

232877স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের হুমকির মুখে পরেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজে পাশার দান উল্টে গেল। এবার ধবল ধোলাইয়ের সামনে পড়েছে অস্ট্রেলিয়াই। ফরম্যাট পাল্টাতেই যেন খেলা ভুলে গেছে স্বাগতিকেরা। টি-টোয়েন্টিতে কোনোভাবেই ভারতের কাছে থই পাচ্ছে না। সিরিজের শেষ ম্যাচটাও হেরে গেলে এটাই হবে তিন ধরনের ক্রিকেটে নিজেদের মাঠে কোনো সিরিজে ৩-০তে প্রথম ধবল ধোলাই হওয়ার ঘটনা। অস্ট্রেলিয়ার জন্য এ তো লজ্জারই।

অস্ট্রেলিয়াকে ধবল ধোলাইয়ের দিকে ঠেলে দিল সি​রিজের দ্বিতীয় ম্যাচ। যেন প্রথম টি-টোয়েন্টিরই পুনরাবৃত্তি হলো। প্রথম টি-টোয়েন্টিতে ভারত ১৮৮ করার পরে ম্যাচ জিতেছিল ৩৭ রানে। আজও প্রথমে ব্যাট করতে ১৮৪ রান করল ভারত। জিতল ২৭ রানে।

প্রথম টি-টোয়েন্টির মতো আজও নিজেদের ইনিংসের প্রথম ১০ ওভার পর্যন্ত ম্যাচে ভালোমতোই ​ছুটল অস্ট্রেলিয়া। ১৮৪ রান তাড়া করতে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও শন মার্শ ৯৪ রান তুলে ফেলেছিলেন ১০ ওভারের আগেই। কিন্তু ৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমে ফিরে যান মার্শ। এর একটু পরে ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েল দুজনই ধোনির স্ট্যাম্পিংয়ের শিকার হন।

এক প্রান্তে ফিঞ্চ থাকায় তখনো অস্ট্রেলিয়ার আশা ছিল। কিন্তু ১৬তম ওভারে দলীয় ১২৪ রানে ফিঞ্চ আউট হয়ে যাওয়ায় ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যায়। আউট হওয়ার আগে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক করেছিলেন ৪৮ বলে ৭৪ রান। তার ইনিংসে ছিল ৮ চার ও ২টি ছক্কা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে অস্ট্রেলিয়া করতে পেরেছে ৮ উইকেটে ১৫৭। অস্ট্রেলিয়ার দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার মার্শের, ২৩। ভারতের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা।

প্রথম টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ করেছিলেন ফিঞ্চ। তবে সবচেয়ে বড় মিলটা থাকল বিরাট কোহলির ব্যাটে। প্রথম ম্যাচে ৫৫ বলে অপরাজিত ৯০ করেছিলেন। আজ করলেন ৩৩ বলে ৫৯।

সঙ্গে রোহিত শর্মার ৪৭ বলে ৬০ আর শিখর ধাওয়ানের ৩২ বলে ৪২-এ স্কোরটাকে ভারত এমন এক জায়গায় নিয়ে যায়, ম্যাচটা ওখানেই শেষ। জিততে হলে অস্ট্রেলিয়াকে তাদের রান তাড়া করে জেতার নতুন রেকর্ড গড়তে হতো। শুরুটা সেই সম্ভাবনা জাগিয়েও ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টির চিত্রনাট্য মেনে ধোনির মুখেই হাসি। এবং আবারও কোহলির হাতেই ম্যাচ সেরার পুরস্কার!
সিরিজের শেষ ম্যাচ ৩১ জানুয়ারি। অস্ট্রেলিয়া ধবল ধোলাই ঠেকাতে পারবে তো?