স্বপ্নের দ্বারপ্রান্তে পৌছে নেপালের ইতিহাস
লক্ষ্যটা দুরূহ হলেও একেবারে অসম্ভব ছিল না। ২৪ বলে জয়ের জন্য কিউইদের প্রয়োজন ছিল ৪১ রান, হাতে উইকেট ৩টি। আপাতদৃষ্টিতে কাজটি বেশ কঠিন মনে হলেও দুই কিউই ব্যাটসম্যান ডেল ফিলিপস ও নাথান স্মিথ যেভাবে চার-ছয় মারছিলেন, তাতে নেপালিদের জয়ের স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছিল। তখনই বল করতে আসেন ১৬ বছর বয়সী পেসার দীপেন্দ্র সিং আইরি। ৪৭তম ওভারে দুটি উইকেট তুলে নিয়ে স্বপ্নের দ্বারপ্রান্তে পৌছে দেন নেপালকে। আর পরের ওভারের প্রথম বলে ডেল ফিলিপস রান আউটের পর ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে তুমুল আনন্দে মেতে ওঠেন নেপালিরা। মাতবে না-ই কেন? তারা যে ইতিহাস গড়েছেন! এবারের যুব বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিয়েছেন হিমালয়ের দেশের ছেলেরা। প্রথমে ব্যাট করে ২৩৮ রান তোলে নেপাল। এরপর ২০৬ রানে গুঁড়িয়ে দেয় নিউজিল্যান্ডকে। ৩২ রানের জয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনাও জাগিয়েছে তারা।
বাংলাদেশের মাটি নেপালের জন্য দারুণ পয়া। সেটা ফুটবল হোক, কিংবা ক্রিকেট। নেপাল ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শিরোপা জিতে নিয়ে গেছে সপ্তাহখানেকও হয়নি। ২২ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাহরাইনকে হারিয়ে শিরোপা জিতে নেপাল। মাত্র ছয় দিন পর এর চেয়েও বড় অঘটন জন্ম দিয়েছেন নেপালের যুবা ক্রিকেটাররা। যে কোনো পর্যায়ের ক্রিকেটে আইসিসির অন্যতম কুলীন সদস্য নিউজিল্যান্ডকে হারানো তো চাট্টিখানি কথা নয়। অবশ্য অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আরও একবার কিউইদের হারিয়েছিল নেপাল। সেটা প্লেট পর্বে বলে হয়তো বা কিছুটা গুরুত্বহীন। তবে ইতিহাসের পাতায় তো অবশ্যই লেখা থাকবে। গতকাল সে ইতিহাস আরও সমৃদ্ধ হলো। তবে ফতুল্লায় টসে জিতে ব্যাট করতে নেমে নেপালের কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক রাজু রিজালের ব্যাট থেকে। এ ছাড়া ওপেনার সন্দ্বীপ সোনার ও আরিফ শেখ করেন সমান ৩৯ করে। শেষ দিকে কুশল ভুর্টেল ২৩ বলে অপরাজিত ৩৫ রান করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ২৩৮ রান সংগ্রহ করে নেপাল।
স্কোর বোর্ডে তোলা দুইশোর্ধ্ব রানই অবশ্য নেপালের জয় প্রায় নিশ্চিত করে ফেলে। এর আগে প্রথমে ব্যট করে দেড়শ’ বা তার বেশি রান তোলা ১৪ ম্যাচের এগারোটিতেই নেপালকেই জিতিয়ে দেন বোলাররা। মাঝারি মানের এ সংগ্রহ নিয়েই তাই বিপুল বিক্রমে প্রতিপক্ষের ওপর ঝাপিয়ে পড়ে পুরো দল। তাদের দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে এ রানই কিউইদের কাছে পাহাড়সম হয়ে ওঠে। তিনটি রান আউটের কারণেই বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। এর মধ্যে ওপেনার রাচিন রবিন্দ্রাকে রান আউট করে নেপালকে প্রথম সফলতা এনে দেন লামিচানে। এর পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ওপেনার গ্গ্নেন ফিলিসপ। হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যান তিনি। তার ছোট ভাই ডেল ফিলিপস শেষ দিকে ৪১ রান করে কিছুটা সম্ভাবনা সৃষ্টি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আইরির একটি ওভারে সবকিছু তছনছ হয়ে যায়। ম্যাচশেষে নিজেদের জয়ের পেছনে তিন রানআউটের ভূমিকাকেই বড় করে দেখলেন ম্যাচসেরা ও নেপালি অধিনায়ক রিজাল, ‘আমাদের জন্য এ জয়টা বিশাল। দারুণ ফিল্ডিংয়ে তিনজন ব্যটসম্যানকে রান আউট করেছি। এটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’ এ পরাজয়ে কিউইদের কাপ পর্বে খেলার সম্ভাবনা কিছুটা কঠিন হয়ে গেল। কারণ ‘ডি’ গ্রুপে আছে শক্তিশালী ভারত।
সংক্ষিপ্ত স্কোর : নেপাল অনূর্ধ্ব-১৯ দল :৫০ ওভারে ২৩৮/৭ (রিজাল ৪৮, সোনার ৩৯, আরিফ ৩৯, কুশল ৩৫*; স্মিথ ৩/৫৮, পারিখ ১/২১)। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল :৪৭.১ ওভারে ২০৬ (গ্গ্নেন ফিলিপস ৫২, ডেল ফিলিপস ৪১, ফিন ৩৭; আইরি ৩/২৪, তামাং ২/৩৮)। ফল :নেপাল অনূর্ধ্ব-১৯ দল ৩২ রানে জয়ী।











